মানুষের মধ্যে স্বস্তি কম, আশঙ্কা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর টাইন হল কাঁচাবাজারের ‘জনপ্রিয়’ নামের খাসির মাংসের দোকানের মালিক মো. সিরাজ আপাতত অবরোধ না থাকায় বেশ খুশি। আশা করছেন, তিন-চার দিন ভালো বিক্রি হবে। ভাবখানা এমন যে অবরোধ একেবারে উঠে গেলে তিনিই হবেন ঢাকা শহরের সবচেয়ে সুখী মানুষ।

গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় সিরাজের দোকানে গিয়ে দেখা যায় নয়টি খাসি কেটে ঝুলিয়ে রাখা। তিনজন ক্রেতা অপেক্ষায়। সিরাজ বললেন, ‘জানের ওপর দিয়ে যাইতেছে সেই কোরবানির ঈদের পর থেইকা। তিন ভাই, কর্মচারী চারজন। গত এক মাসে দিনে এক-দুইটার (খাসি) বেশি বিক্রি করতে পারতেসি না।’

তবে সিরাজের মতো খুশি নন চট্টগ্রামের বিভূতি পাল। বিভূতির সঙ্গে দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ছেলেকে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি করাতে চান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে। গতকাল ছিল ভর্তি পরীক্ষা। বেলা সাড়ে ১১টায় ওই স্কুল আর জগন্নাথ হলের মাঝের রাস্তায় তীব্র যানজট। অভিভাবক আর ছাত্রছাত্রীদের ভিড়। মাইকে নানা রকম নির্দেশনা শোনা যাচ্ছে। ফুটপাতে সংবাদপত্র বিছিয়ে ছেলের ফেরার অপেক্ষায় বসে ছিলেন তিনি। বললেন, ‘২৯ ডিসেম্বরের পর কী হয়, সেটাই দেখার বিষয়। মনে তো হয় না খুব তাড়াতাড়ি দেশে শান্তি আসবে।’

গত ২৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট গত মঙ্গলবার পর্যন্ত পাঁচ দফায় ২১ দিন অবরোধ করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের মানুষ উৎকণ্ঠায় ছিলেন। না জানি কী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেল, ২৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি থাকছে না। অনেকেই বলেছেন, যাক বাঁচা গেল, চার দিন তো রাস্তাঘাট মুক্ত থাকবে।

রাজধানীর পুরাতন এয়ারপোর্ট এলাকায় ‘দি বুকওয়ার্ম’ বইয়ের দোকানটি বেশ নিরিবিলি। দোকানের মালিকদের একজন রফিকুল হক বললেন, ‘আমাদের দোকানে হেঁটে আসার সুযোগ কম। একটু ধনিক শ্রেণীর ক্রেতা আসেন, গাড়িতে চড়ে। ৬০০ টাকার বই কিনতে ৪০ লাখ টাকার গাড়ির ঝুঁকি কেউ নিতে চান না। তাই অবরোধে আমাদের বিক্রি বন্ধই বলা চলে।’ অবরোধ চার দিন না থাকাতেই খুশি তিনি।

একজন সাংবাদিক ও তথ্যচিত্রনির্মাতা কলকাতা থেকে ২০ ডিসেম্বর ঢাকায় এসেছেন। উঠেছেন গুলশানে শ্বশুরবাড়িতে। ঢাকার মানুষ ঝুঁকি নিয়ে অবরোধের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দেখে তিনিও সাহস করে ইতিমধ্যে দু-এক জায়গায় গিয়েছেন। বললেন, ‘২৯ তারিখ পর্যন্ত অবরোধ থাকবে না, তবে আতঙ্ক ঠিকই থাকবে।’

বেলা দেড়টায় কথা হয় মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের কয়েকজন চালক, মালিক ও ব্যবস্থাপকের সঙ্গে। তাঁরা একেবারে হতাশ। এস আই এন্টারপ্রাইজের বাস চলে ঢাকা-সিরাজগঞ্জ রুটে।

প্রতিষ্ঠানের ঢাকার ব্যবস্থাপক মো. হান্নান বলেন, ‘অবরোধে পরিবহন খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমরা ধ্বংসের পথে।’ তাঁদের আশঙ্কা, খালেদা জিয়া ঘোষিত ২৯ তারিখের ‘গণতন্ত্রের জন্য অভিযাত্রা’ শুরু হওয়ার আগেই সরকারপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেবে।

একটি বেসরকারি ব্যাংকের একজন নারী কর্মকর্তা গতকাল আশা প্রকাশ করে বলেছিলেন, ‘এবার চালের দাম কিছুটা হলেও কমবে।’ তবে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা দ্বিমত পোষণ করলেন। তাঁদের বক্তব্য, চালের দাম বেড়েছে ট্রাকভাড়া তিন গুণ হওয়ার কারণে। শহীদুল্লাহ অ্যান্ড সন্সের মালিক মো. সায়েম বলেন, ‘এই চার দিনে আড়তদার চাল গুদামে ঢোকাবেন, আর বলবেন এগুলো আগেই কেনা।’

ব্যবসায়ীরা মনে করেন, হরতাল-অবরোধ দীর্ঘস্থায়ীভাবে বন্ধ না হলে পণ্যের বাজার চড়া থাকবে।