মানুষের মননশীলতায় পরিবর্তন এনেছে প্রথম আলো। সংবাদ প্রকাশের প্রথাগত দায়িত্বের বাইরে এসে মানবিক বিপর্যয়ের হাত থেকে সমাজকে রক্ষা করতে দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে। গতকাল শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় দিনাজপুরের বিশিষ্টজনেরা এ অভিমত ব্যক্ত করেন।সভার শুরুতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান পাঠক ও সুধীসমাজের কাছে পত্রিকাটি প্রকাশের লক্ষ্য-উদ্দেশ্য, সাফল্য ও সীমাবদ্ধতার নানা দিক তুলে ধরেন। দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিক, আইনজীবী, চিকিৎসক, উন্নয়নকর্মী, সাংস্কৃতিক ও মানবাধিকারকর্মী, সাংবাদিক, পত্রিকার এজেন্ট-হকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন বলেন, শুধু দেশে নয়, বিদেশেও প্রথম আলো ভীষণ সমাদৃত। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিকাশে পত্রিকাটি দায়িত্বশীল ভূমিকা পালন করছে।এই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন বলেন, প্রথম আলোর যুগান্তকারী স্লোগান ‘বদলে যাও বদলে দাও’-এর প্রতিক্রিয়া হিসেবে সমাজের নানা পরিবর্তন ধারাবাহিকভাবে প্রকাশ করা উচিত। ‘প্রতিদিন অনেক পত্রিকা পড়ি কিন্তু প্রথম আলো না পড়লে অতৃপ্ত থেকে যাই। পত্রিকায় মফস্বল সংবাদ পরিবেশনে গুরুত্ব দিতে হবে। শীতার্থদের মধ্যে প্রথম আলোর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুকরণীয় দৃষ্টান্ত’—বলেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল্লাহ। আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান বলেন, সূর্যের মতো প্রথম আলো দেশব্যাপী জ্ঞান ও সচেতনতার আলো ছড়ালেও এতে প্রকাশিত অনেক নিবন্ধ দুর্বল, পাঠককে আকৃষ্ট করে না। লেখকদের সাহিত্যভাবনা কম।দিনাজপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হামিদুল ইসলাম বলেন, উত্তরাঞ্চল দেশের খাদ্যভান্ডার। অথচ কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। নানা সমস্যায় জর্জরিত। কিন্তু এসব সমস্যার খবর প্রথম আলোতে গুরুত্ব দেওয়া হয় না।দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা বলেন, ‘তিন বছর হলো জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। চেয়ার-টেবিল, অফিস-ঘর আর সম্মানী পাচ্ছি। কিন্তু আজ পর্যন্ত জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি পালন করতে পারিনি।’ সরকার যাতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বাধ্য হয়, এ ব্যাপারে তিনি প্রথম আলোর বলিষ্ঠ ভূমিকা দাবি করেন। উন্নয়নকর্মী সুরাইয়া আখতার বলেন, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে প্রথম আলোর কর্মপ্রয়াস অভিনন্দনযোগ্য। এসব বিষয়ে অনেক খবর প্রকাশিত হয়। কিন্তু এর ফলোআপ থাকে না। তিনি শিশু-কিশোরদের জন্য প্রতিদিন পৃথক পাতা দাবি করেন। অধ্যাপক মারুফা বেগম বলেন, পত্রিকায় ‘বিশাল বাংলা’ ও ‘সারা দেশ’ পাতাগুলোতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়। অথচ অনেক গুরুত্বপূর্ণ খবর স্থান পায় না।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, অধ্যাপক শাহাদাৎ হোসেন খান, ব্যবসায়ী অনোয়ারুল ইসলাম ও আইনজীবী মাজহারুল ইসলাম সরকার। পাঠক ও শুভানুধ্যায়ীদের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, পাঠকই প্রথম আলোর নির্ভরতার স্থান। দেশকে বদলাতে, ইতিবাচক পরিবর্তন আনতে হলে সরকার, নাগরিক সমাজ, প্রশাসন, আদালত, আইনজীবী ও শিক্ষকসমাজের অনেক দায়িত্ব। পত্রিকাগুলো এর সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করতে পারে, কিন্তু মূল শক্তি হতে পারে না। প্রথম আলোর ডাকে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এরপর মতিউর রহমান দিনাজপুরে প্রথম আলোর এজেন্ট, হকার ও বন্ধুসভার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।