সরকার ও বিরোধী দল যে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে মানুষ শঙ্কিত, উদ্বিগ্ন। মানুষের মনে এবং সমগ্র সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। মানবাধিকার পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। কারণ, মানবাধিকারের মৌলিক কথাই হলো মানুষের নিঃশঙ্ক ও নিরুদ্বেগ জীবন যাপন।বর্তমান পরিস্থিতিতে কোনো মানুষই সেভাবে জীবন যাপন করতে পারছে না। সবার মনেই ভয়, প্রশ্ন—কাল কী হবে। তাঁর সন্তান স্কুল-কলেজে যেতে পারবে কি না। তাঁদের স্বাভাবিক জীবনযাপন আরও অনিশ্চিত হয়ে পড়বে কি না প্রভৃতি। অথচ রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে মানুষকে শঙ্কাহীন নিশ্চিন্ত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা ও তা বজায় রাখা। এই দায়িত্ব সরকার ও বিরোধী দলের ওপর আরও বেশি বর্তায়। কিন্তু তারাই এই সংঘাতের প্রধান দুই পক্ষ। বিরোধী দলের হাতে লাঠিসোঁটা। সরকারের হাতে পুলিশ, গুলি-গোলা। এর সঙ্গে সাধারণ জনগণের সম্পৃক্ততা নেই।সাধারণ মানুষের জন্য এ রকম একটি ভীতিকর অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টির এখতিয়ার তাদের কেউ দেয়নি। তাদের উচিত নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ববোধের পরিচয় দেওয়া, সংযত আচরণ করা, যাতে মানুষের মনে স্বস্তি ফিরে আসে।সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক