প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অতিদরিদ্র ও ভাসমান মানুষের খাদ্য ও মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শনিবার জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, সরকার অতিদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও আশ্রয়হীনদের কল্যাণে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রম দারিদ্র্য দূরীকরণ এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, কোনো শিশু খাদ্য ও আশ্রয়হীন থাকবে না। কোনো ব্যক্তিকে ফুটপাতে রাত যাপন করতে হবে না। আমরা প্রত্যেকের মৌলিক চাহিদা পূরণে একটি ঘরের ব্যবস্থা করে দিতে চাই। এসব বিষয় নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও মনোযোগী হতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন। মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম ও সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর অনেক সমাজসেবামূলক কার্যক্রম গ্রহণ করে। ২০০৯ সালে শিশু, শারীরিক প্রতিবন্ধী, দুস্থ নারী ও বৃদ্ধদের কল্যাণে সেসব কার্যক্রমের পরিধি বাড়ানো হয়।
শেখ হাসিনা বলেন, ‘এখন আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি, সেগুলো সুবিধাভোগীদের আরও দ্রুত ও ইতিবাচক সেবা নিশ্চিত করবে। এতে আগামী চার বছরের মধ্যে দারিদ্র্য কমে ১৪ শতাংশে দাঁড়াবে।’
প্রধানমন্ত্রী বলেন, হিজড়া, দলিত, হরিজন ও বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কল্যাণে দুটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এবং তাদের প্রতিবন্ধিতার প্রকৃতি নিরূপণে ডেটাবেইস তৈরির কাজ চলছে। প্রতি উপজেলায় শিশুনিবাস, দিবাযত্ন কেন্দ্র এবং শিশু-কিশোর প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, ডেটাবেইসের ওপর ভিত্তি করে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র প্রদান এবং তাদের কল্যাণে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।