পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালবাথান গ্রাম থেকে মাথার খুলিসহ মানবদেহের ৬১ টুকরা হাড় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আবদুস সামাদ নামের একজনের বাড়ির শৌচাগারের ট্যাংকের ভেতর থেকে হাড়গুলো উদ্ধার করে র্যা ব-১২।
২০১২ সালের ১৪ আগস্ট ওই গ্রামের আজিবর রহমান (৪২) নিখোঁজ হন। তাঁর পরিবারের সদস্যরা বলছেন, উদ্ধার হওয়া হাড়গুলো আজিবরের দেহাবশেষ।
হাড়গোড়গুলো উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন র্যা ব-১২ পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন। তিনি বলেন, আজিবর রহমান নিখোঁজের ঘটনায় তাঁর ভাই ওসমান প্রামাণিক ঈশ্বরদী থানায় খুন ও গুমের মামলা করেন। এতে আজিবরের দ্বিতীয় স্ত্রী তানিয়া খাতুন, আবদুস সামাদ ও আবু হানিফকে আসামি করা হয়। মামলাটি তদন্তের পর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাদীপক্ষ এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সিআইডি ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বর্তমানে তাঁরা জামিন নিয়ে বাইরে রয়েছেন। মামলাটি পাবনার আদালতে বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও ওই তিনজনকে পাওয়া যায়নি।
র্যা ব ও এলাকাবাসী সূত্র জানায়, কিছুদিন আগে নিখোঁজ আজিবরের ছেলে মো. শান্ত (১৪) নারকেলগাছে ওঠায় প্রতিবেশী আবদুস সামাদের পরিবারের একজন সদস্য গালাগাল করে বলেন, ‘তোর বাবার মতো তোকেও মেরে ওই ট্যাংকে ফেলে দেব।’ এ কথা শুনে শান্ত সেখান থেকে চলে আসে। পরে সে গোপনে ট্যাংকে টর্চলাইট দিয়ে ভেতরে হাড় পড়ে থাকতে দেখে। এলাকার একজনের মাধ্যমে সে র্যা বকে এ তথ্য জানায়। এর ভিত্তিতে র্যা বের সদস্যরা গতকাল দুপুর পর্যন্ত এলাকাটি নজরদারিতে রাখেন। এরপর ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদারের উপস্থিতিতে ট্যাংক থেকে হাড়গোড় উদ্ধার করে র্যা ব। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো ওসির কাছে হস্তান্তর করা হয়।
আজিবরের ছেলে শান্ত ও ভাতিজা আবদুল কুদ্দুস (২৭) বলেন, উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড় আজিবরের। হত্যার পর তাঁর লাশ গুম করা হয়।
ওসি আবদুল হাই তালুকদার বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া হাড়গুলো কার, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।