মানুষের শত্রুতায় প্রাণ গেল সহস্রাধিক গাছের

মাগুরা সদর উপজেলায় ৩ কৃষকের ১ হাজার ৩০০ কলা ও পেঁপেগাছ গত রোববার দিবাগত রাতে কেটে ফেলেছ দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, তাঁরা সামাজিক একটি পক্ষের সদস্য। প্রতিপক্ষ তাঁদের এ ক্ষতি করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন আবদুর রাজ্জাক (মোজাম), আবদুর রকিব ও মো. উজ্জ্বল হোসেন। তাঁদের বাড়ি উপজেলার চাঁদপুর গ্রামে। এটি মাগুরা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুর গ্রামে পাশাপাশি তাঁদের তিনটি খেত রয়েছে। কৃষক রাজ্জাক ৬০ শতাংশ এবং রকিব ৩ একর জমিতে বাণিজ্যিকভাবে কলার আবাদ করেন। আর কৃষক উজ্জ্বল এক একর জমিতে করেন পেঁপে চাষ।
কৃষক আবদুর রাজ্জাক বলেন, ‘(গতকাল সোমবার) সকালে কলাবাগানে গিয়ে দেখি, বাগানের ৭০০ কলাগাছের সবই মাঝখান থেকে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার মাথায় হাত।’ একইভাবে কৃষক আবদুর রকিবের বাগানের ৩০০-৩৫০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত এ দুই কৃষক প্রথম আলোকে বলেন, তাঁরা গ্রামের সামাজিক দল করেন। তাঁরা বর্তমান ইউপি সদস্য আতিয়ার রহমানের সঙ্গে। আতিয়ারের প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আবদুল আওয়াল শেখ। দুজনই আগে বিএনপি করতেন। এখন আওয়ামী লীগ করেন। তবে দুজনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এ সামাজিক দলাদলির কারণেই প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করেছেন বলে তাঁদের ধারণা।
তবে আবদুল আওয়াল শেখ প্রথম আলোকে বলেন, ওই কৃষকেরা আগেই গাছের কলা বিক্রি করে দিয়েছেন। এরপর নিজেরাই গাছ কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছেন।
অপর কৃষক উজ্জ্বল হোসেন জানান, তাঁর এক একর জমির পেঁপেগাছের মধ্যে অন্তত ৩০০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসব গাছে মাত্র পেঁপে ধরতে শুরু করেছে। তিনি বলেন, মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? বাগানের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি।
তিন কৃষকের দাবি, তাঁদের ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ‘চাঁদপুর গ্রামে কলা ও পেঁপেবাগানের গাছ কাটার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’