মানুষের শান্তির জন্য যত দরকার কঠোর হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়া পরিদর্শন শেষে মন্দিরের মাঠে গতকাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনোত্তর সহিংসতায় তাঁদের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ।  ছবি: প্রথম আলো
যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়া পরিদর্শন শেষে মন্দিরের মাঠে গতকাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনোত্তর সহিংসতায় তাঁদের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় । ছবি: প্রথম আলো

‘কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা-খুনখারাবি সরকার বরদাশত করবে না। মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য যত কঠোর হওয়া প্রয়োজন, আমরা হব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী এর আগে সাম্প্রদায়িক হামলার শিকার অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
৫ জানুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার কারণে মালোপাড়ায় হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত ওই এলাকা সরেজমিনে দেখার জন্য গতকাল দুপুরে হেলিকপ্টারে করে অভয়নগরে আসেন প্রধানমন্ত্রী। বেলা দুইটায় অভয়নগরের নওয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে নামার পর সরাসরি চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় যান তিনি। বিকেলে তিনি যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন।
জনসভায় দেওয়া বক্তব্যে শেখ হাসিনা তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। তিনি নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের অবরোধ, হরতাল, সহিংসতা, নৃশংসতার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন।
বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী এখন জামায়াতের আমির হয়ে গেছেন। জামায়াতকে নিয়েই তাঁর ওঠাবসা। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের হাতে বিএনপির নেতা পতাকা তুলে দিয়েছিলেন। এই অপরাধে এখন যাদের বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, তাদেরও বিএনপির নেতা মন্ত্রী বানিয়েছিলেন।

যশোরের শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল প্রধানমন্ত্রীর জনসভায় আসা জনতার একাংশ ।  প্রথম আলো
যশোরের শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল প্রধানমন্ত্রীর জনসভায় আসা জনতার একাংশ । প্রথম আলো

প্রধানমন্ত্রী বলেন, ‘জামায়াত ইসলামের নামে রাজনীতি করে, কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাস করে না।’
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরসহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। তিনি বলেন, ‘দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। এ দেশে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা সংবিধান সংশোধন করে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছি। কারও অধিকারে হস্তক্ষেপ বরদাশত করব না।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি মুখে বলেন, কেউ ভোট দিতে যায়নি। তাহলে ভোট দিতে যাওয়ার অপরাধে এই জুলুম-নির্যাতন কেন?’
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া নির্বাচন ঠেকাও আন্দোলন করেছেন। কিন্তু ঠেকাতে পারেননি। স্কুল পোড়ানো, গাছ কাটা, ট্রাকে করে আসা গরু পোড়ানো, মানুষ খুন করা, গুম করা—এটাই তাঁদের আন্দোলন। জনগণ তাঁর ডাকে সাড়া দেয়নি।
প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্যে শুধুই মিথ্যা। তাঁর জন্মদিন যে কয়টা তার হিসাব নাই। স্কুলের ভর্তি ফরমে একদিন, পাসপোর্টে একদিন, বিয়ের কাবিনে আরেকদিন তাঁর জন্মদিন। উনার পাঁচবার জন্ম হয়েছে।’ তিনি বলেন, ‘মিথ্যা বলতে বলতে এমনই বদভ্যাস হয়েছে, উনি স্বামীর জন্মদিনও বদলে ফেলেছেন। কেউ যদি উনার ভুল শোধরাতে যায় তাহলেই উনি বলেন চুপ বেয়াদব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন হলো। তারপর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়া সে তারিখটাও বদলালেন। তিনি বললেন, ৫ মে নির্বাচন হয়েছে। কেন তিনি ৫ মে দেখেছেন তারও একটা কারণ আছে। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ছিল। সেখানে তিনি ঢাকাবাসীকে আসতে বলেছিলেন। তাঁর মাথায় কেবল ওই চিন্তাই ঘোরে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাকে একটা কথাই বলব, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না। বিচার চলতে থাকবে, বিচারের রায় কার্যকর করা হবে।’
শেখ হাসিনা বলেন, ‘তিনি আমাদের (গোপালগঞ্জবাসী) গোপালি বলে গালি দেন। এখন যদি আমি বলি, গোলাপি রে গোলাপি, ট্রেন তো মিস করলি! তাহলে উনি কী বলবেন?’
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, যশোরের সাংসদ রনজিত রায়, কাজী নাবিল আহমেদ, সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো, খান টিপু সুলতান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তব্য দেন।
মালোপাড়ায় প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী বেলা পৌনে তিনটায় মালোপাড়ার রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণের সমাবেশস্থলে পৌঁছান। মালোপাড়াবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এই মাটির সন্তান আপনারা। অধিকার নিয়েই আপনারা এখানে থাকবেন। কেউ আপনাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। মনে জোর নিয়ে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি।’
প্রধানমন্ত্রী বলেন, যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, তাদের ঘর করে দেওয়া হচ্ছে। মালোপাড়ার উন্নয়নে সরকারের পক্ষে যা যা করা দরকার, তা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
পরে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। পরিবারগুলোকে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের পক্ষে শেখর কুমার বর্মণ মালোপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়, নিরাপত্তার জন্য স্থায়ী পুলিশ ফাঁড়ি ও ক্লিনিক স্থাপন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, স্থানীয় রাধাগোবিন্দ মন্দির সম্প্রসারণের দাবি উত্থাপন করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদ যশোর শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস।
সোয়া তিন ঘণ্টা মহাসড়ক বন্ধ: প্রধানমন্ত্রী অভয়নগরে পৌঁছার আধা ঘণ্টা আগে থেকেই যশোর-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি চলে যাওয়ার পর বিকেল পৌনে পাঁচটায় সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় ব্যস্ততম এ মহাসড়কের দুই দিকেই শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ভোগের শিকার হন যাত্রীরা।