মানুষের সক্ষমতা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী। এর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে স্থানীয় মানুষের সক্ষমতা বাড়াতে হবে।
‘জলবায়ু পরিবর্তনে উপকূলীয় জনগোষ্ঠীর টিকে থাকার সক্ষমতা’ বিষয়ে দুই দিনের আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এই পরামর্শ দেন বক্তারা। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের সহযোগিতায় এর আয়োজন করে ম্যানগ্রোভ ফর দ্য ফিউচার (এমএফএফ)।
উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আমাদের মানুষের খাপ খাইয়ে নেওয়ার এক সহজাত ক্ষমতা আছে, সেটি আসন্ন ঝুঁকি নিরসনে বড় ভরসা। তাদের সক্ষমতা বাড়ানো উচিত।’
অনুষ্ঠানে এমএফএফের জ্যেষ্ঠ গবেষক ডোনাল্ড ম্যাকিনটোশ স্থানীয় পর্যায়ে মানুষের সৃজনশীল ভাবনাকে তুলে ধরার পক্ষে মত দেন।
উদ্বোধনী অধিবেশনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী, প্রধান বন সংরক্ষক ইউনুস আলী ও আইইউসিএনের বাংলাদেশীয় প্রধান ইশতিয়াক উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
একটি কারিগরি অধিবেশনে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, ‘আমাদের মতো গরিব দেশের মানুষেরা ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আক্রান্ত। আর ধনী দেশগুলো এখনো পরিকল্পনা করছে তাদের উদ্ধারে।’ তিনি জলবায়ু-সংক্রান্ত নানা প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে সুশাসন নিশ্চিত এবং স্থানীয় সরকারকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
সিম্পোজিয়ামে বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।