মানুষের সঙ্গে ভালো আচরণের নির্দেশ আইজিপির
মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, নিরীহ মানুষ যেন কোনোভাবেই পুলিশি হয়রানির শিকার না হন। গতকাল শুক্রবার পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও অপরাধ-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন বলে প্রথম আলোকে জানিয়েছেন বৈঠকে উপস্থিত কয়েকজন কর্মকর্তা।
নন্দনপার্কে আয়োজিত এ মতবিনিময় সভায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার (এসপি) ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেন, আইজিপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে তিনি তাঁদের উদ্দেশে বলেন, জঙ্গি দমন ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জঙ্গিবাদের উত্থান যেন না ঘটে, সে জন্য পদক্ষেপ নিতে তিনি নির্দেশ দেন। একই সঙ্গে জঙ্গিবাদ দমনে গঠন করা পুলিশের নতুন ইউনিট স্পেশাল টাস্কফোর্স গ্রুপ (এসটিজি) আরও জোরদার করতে হবে।
আইজিপি আরও বলেন, বিদেশিরা বাংলাদেশে এসে মাদক ব্যবসায় জড়ালে তাদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা নিতে হবে। শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিক ইস্যু। সে জন্য বাড়তি নিরাপত্তা দিতে সক্ষমতা গড়ে তুলতে হবে। সেখানে ডগ স্কোয়াড রাখতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধে জেলা পুলিশকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে মামলা হলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানাতে হবে।