মানুষের সঙ্গে শত্রুতা প্রাণ গেল গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে আবদুর রহমান নামের এক ব্যক্তির বিভিন্ন প্রজাতির আড়াই শ গাছ কেটে ফেলা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল বুধবার আবদুর রহমান বাদী হয়ে আলী মিয়ার ছেলে নাহিদ মিয়াকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলী মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে আবদুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
গত মঙ্গলবার সকালে আলী মিয়ার ছেলে নাহিদের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আবদুর রহমানের বাড়ির পুকুরপাড়ের ছয়-সাত বছর বয়সী ২০০টি কলাগাছ, ৩০টি মেহগনি, ১০টি আমগাছ ও ১০টি কাঁঠালগাছ কেটে ফেলেন।
এ সময় আবদুর রহমানের স্ত্রী এগিয়ে গেলে তাঁকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন হামলাকারীরা। সরেজমিনে দেখা যায়, ফলের গাছসহ বিভিন্ন বয়সের ওই গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, গাছ কেটে ফেলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।