মানুষের সঙ্গে সো কলড সুশীলদের সম্পর্ক নেই
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ গত শুক্রবার খারিজ করে দিয়েছেন কানাডার আদালত। আদালত বলেছেন, এ মামলায় কোনো প্রমাণ হাজির করা হয়নি। প্রমাণ হিসেবে যেগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো ‘অনুমানভিত্তিক, গালগল্প ও গুজবের বেশি কিছু নয়’। এ নিয়ে আজ রোববার সংসদে অনির্ধারিত এক আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। এরপর আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সরকারি ও বিরোধী দলের সাংসদেরা এ বিষয়ে কথা বলেন।
বিরোধী দলের এক সাংসদ বলেন, ‘সো কলড সুশীল সমাজের মানুষের সঙ্গে সম্পর্ক নেই। এখানে যারা দালাল আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর অবস্থান নিতে হবে।
প্রধানমন্ত্রী যা বলেছিলেন তা ঠিক ছিল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আসুন, সবাই মিলে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করি। বলি, আপনি (প্রধানমন্ত্রী) যেটা বলেছিলেন, সেটাই ঠিক ছিল। পদ্মা সেতু নিয়ে যারা বিদেশিদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে, সরকারকে হেয় করেছে, সরকারের সুনাম ক্ষুণ্ন করেছে; তারা এ দেশের শত্রু। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
ড. কামাল হোসেনকে উদ্ধৃত করে তোফায়েল আহমেদ বলেন, ‘সমকাল পত্রিকায় সে সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা একজন মন্ত্রীকে দেশপ্রেমিক বলা হয়েছে। জনগণ বিষয়টি ভালোভাবে নেবে না।’
বিশ্বব্যাংক নিজেদের কী মনে করে?
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘গত বৃহস্পতিবার পদ্মা সেতু নিয়ে কথা বলেছিলাম। টিভিতে যখন খবরটি দেখেছি, আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। বিশ্বব্যাংক নিজেদের কী মনে করে জানি না। আমি মনে করি, তারা এতটা শক্তিশালী না যে স্বাধীন দেশের মানুষকে অপমান করতে পারে। এই শক্তি আল্লাহ তাদের দেয়নি। কী মনে করে তারা?’ তিনি বলেন, ‘কিছু লোক বসে আছে, রিটায়ার। টাকা নাড়াচাড়া করে। নানান ধরনের কথা বলে। টিআইবি বলছে, বিশ্বব্যাংকের কাছে জবাবদিহি চাওয়া উচিত। আমরা চাইব কেন? টিআইবি, আপনারা কী করছেন? আপনারা কেন চাইছেন না? আপনারা চাইতে পারবেন না। লেজ যাদের সুতায় বাঁধা, তারা দেশের মধ্যে বড় কথা বলে, তারা ওই ধরনের চ্যালেঞ্জ রাখার সাহস রাখে না।’
মতিয়া চৌধুরী বলেন, ‘শুধু সৈয়দ আবুল হোসেন নন, অন্যায়ভাবে অসত্যভাবে যাঁদের অভিযুক্ত করা হয়েছিল, এত গ্লানি, এত কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কেউ যদি আত্মহত্যা করতেন, আশ্চর্য হতাম না। প্রধানমন্ত্রী পর্বতসম দৃঢ়তা নিয়ে পাশে ছিলেন। না হলে আত্মহত্যা করলে বিচিত্র ছিল না।’ তিনি বলেন, ‘ড. ইউনূস কলকাঠি নেড়েছেন। বিশ্বব্যাংক কেন, যেকোনো সংস্থাই নানান ওলট-পালট অবস্থায় যাচ্ছে। তারা যেন, পাথরের চোখ দিয়ে না দেখে। মানবিকতা বিসর্জন দিয়ে না দেখে। দে আর নট ডেমি গড সেন্ট ফ্রম হেভেন। বিশ্বব্যাংক জানত দুর্নীতি হয়নি। তারাই করাপ্ট মোরাল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। বিহেব হিউম্যানলি, জেন্টেলম্যানলি।’
সো কলড সুশীল সমাজের মানুষের সঙ্গে সম্পর্ক নেই
জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘এই যে একটা অনৈতিক কাজ করল, সম্মান কি ফিরিয়ে দেব? পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলা হলো। এমন কোনো অভিযোগ পৃথিবীর কোনো দেশে হয়নি। এরা কারা, শনাক্ত করতে হবে। এরা বুদ্ধিজীবী। তাঁরা সেমিনারে বক্তব্য দেন, দুর্নীতির হিসাব দেন। আমাদের হেদায়েত দেন। আমরা মানুষের কাছে যাই। ইউপি নির্বাচন করলে জিততে পারবে না। তাঁরা বুদ্ধিজীবীর ভড়ং ধরেছেন। এঁদের উন্মোচন করতে হবে। বিশ্বব্যাংকের দেশীয় দালালদের উন্মোচন করতে হবে। একজন ড. ইউনূস বা ড. কামাল নন, এঁদের অনেক প্রেতাত্মা আছে। তারা দেশপ্রেমিক নয়, তাদের চিহ্নিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘সো কলড সুশীল সমাজের মানুষের সঙ্গে সম্পর্ক নেই। বিশ্বব্যাংক, টিআইবি কারা করেছে, কেন করেছে আমরা জানি। এখানে যারা দালাল আছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। জনসমক্ষে এক্সপোজ করা উচিত। প্রধানমন্ত্রীকে কঠোর অবস্থান নিতে হবে।’
সাংসদ আবদুল মান্নান বলেন, ‘বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত, ক্ষতিপূরণ চাওয়া উচিত। আবুল হোসেন সাহেবেরও মামলা করা উচিত। টিআইবিকে বলতে চাই, বিশ্বব্যাংকের দুর্নীতি নিয়ে বক্তব্য দিন।’
আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র ও শেখ হাসিনার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। আওয়ামী লীগ সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য কানাডার কোর্টে মামলা করা হয়েছে।’ তিনি বলেন, ‘এরা বুদ্ধিজীবী না। এরা বিদেশি টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলে, এরা চুক্তিজীবী। একজন ডক্টর আছে, জানি না কিসের ডক্টর, গরুর না হাঁসের। হিলারি ক্লিনটন কার যেন বান্ধবী, বিশ্বব্যাংকের কাছে গিয়ে বলছে, টাকা দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। হোম মিনিস্টার আছেন, ফাইন্যান্স মিনিস্টার আছেন।’
২০১৩ সালের জানুয়ারিতে এ প্রকল্পে বাংলাদেশের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বিশ্বব্যাংক বাতিল করার পর দুর্নীতির ওই ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন সেই সময়ের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। অভিযোগ ছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও। তবে তাঁদের বিরুদ্ধেও দুর্নীতির কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে দুদকের পক্ষ থেকে সে সময় জানানো হয়।
পদ্মা সেতু প্রকল্পের কাজ পেতে কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিন বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করেছিল, এমন অভিযোগ করে অর্থ আটকে দেয় বিশ্বব্যাংক। পরে তাদের শর্তে এ ঘটনায় মামলা দায়েরের পর কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং যোগাযোগমন্ত্রীর দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন আবুল হোসেন।
তারপরেও বাংলাদেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করেনি বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটির সে সময়ের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক দায়িত্ব ছাড়ার আগে আগে ওই চুক্তি বাতিল করেছিলেন।
তবে এই প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে গত শুক্রবার কানাডার আদালত বলেছেন, এ মামলায় কোনো প্রমাণ হাজির করা হয়নি। প্রমাণ হিসেবে যেগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো ‘অনুমানভিত্তিক, গালগল্প ও গুজবের বেশি কিছু নয়’।