মানুষের সম্পৃক্ততা বাড়াতে চায় সরকার
শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ মোকাবিলা করতে ও পরিকল্পিত হত্যা ঠেকাতে পারবে কি না, সেই প্রশ্ন দিন দিন বড় হয়ে উঠেছে। এ জন্য সরকার, সরকারি দল বা ১৪ দলের শরিক সংগঠন এবং পুলিশের পক্ষ থেকে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা শুরু হয়েছে।
ইতিমধ্যে ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের সব ইউনিয়ন, উপজেলা ও জেলায় কবি-সাহিত্যিক-সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ১৪ দল সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। কমিটিতে স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তি এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ব্যক্তিবর্গকে নেওয়া হবে।
সরকারি দলের দায়িত্বশীল নেতারা মনে করেন, শুধু প্রশাসন দিয়ে জঙ্গি তৎপরতা দমন করা সম্ভব নয়। তাই রাজনৈতিক শক্তির পাশাপাশি সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করে জঙ্গিবিরোধী জনমত গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক ফ্রন্ট হিসেবে ১৪ দল আছে। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তথা সামাজিক-সাংস্কৃতিক শক্তিকে আমরা সম্পৃক্ত করতে চাই।’ তিনি বলেন, ‘আজকাল জঙ্গি তৎপরতায় ইংরেজি মাধ্যমে পড়ুয়া উচ্চবিত্তের সন্তানেরা জড়িয়ে পড়ছে। এটা প্রাচুর্যের ব্যাধি। এটা নিয়ে সবাইকে ভাবতে হবে।’
গুপ্তহত্যা ও সন্ত্রাস মোকাবিলায় কয়েক মাস ধরে পুলিশের পক্ষ থেকে জেলায় জেলায় স্থানীয় জনগণের মধ্যে লাঠি-বাঁশি বিতরণ করা হচ্ছে। তবে রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষকদের অনেকেই মনে করছেন, জনগণ বলতে রাজনৈতিক দলগুলো শুধু নিজের দলের নেতা-কর্মীকে বুঝিয়ে থাকে। অথচ এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণ প্রয়োজন। সেটা করতে না পারলে এটা দলীয় কর্মসূচি হবে।
কমিটিতে বিরোধী দল থাকবে কি না, জানতে চাইলে ১৪ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তাহলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের পর ১৪ দলসহ অন্যান্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জঙ্গিবাদবিরোধী কনভেনশন বা সম্মেলন করা হতে পারে। ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একদিকে জনগণকে সচেতন থাকতে হবে, অন্যদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ রুখে দাঁড়ালে এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো স্থান পাবে না। তিনি বলেন, জনগণ প্রতিরোধ গড়ে তুললে এটা থামবে। আর গতকাল রোববার খালেদা জিয়া বলেন, সন্ত্রাস মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। তবে তাঁর মতে, বর্তমানে সন্ত্রাসের যে চিত্র তা নিছক আইনশৃঙ্খলার মামুলি সমস্যা নয়। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে এই সন্ত্রাস মোকাবিলা করা যাবে না।
অবশ্য রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও গবেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, জনগণ বলতে শুধু দলীয় নেতা-কর্মী বোঝালে হবে না। রাজনৈতিক নেতারা এটা অনেক সময় ভুলে যান। তাঁর মতে, হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে সিঁধেল চোরের উপদ্রব থামানো যায়, চরের ধান কাটার সময় মারামারি করা যায়; পরিকল্পিত বা গুপ্তহত্যা থামানো যায় না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম প্রথম আলোকে বলেন, দেশে এখন শুভেচ্ছা ও সৌজন্যের রাজনীতি খুবই দরকার। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে আস্থাহীনতা, ফাটল ও সংকট সৃষ্টি হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটি মেরামত করতে হবে সবার আগে। এর একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু গণতন্ত্রে ফিরে যাওয়া।