মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবিলার শক্তি আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অতীতে এই দেশকে নিয়ে ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতা দখলের চেষ্টা করলে তাকে শাস্তি পেতে হবে।গতকাল শনিবার গণভবনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগসহ তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রজয়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে সমুদ্রসীমা নিয়ে ২০১৪ সালে ভারতের সঙ্গে মামলার রায়েও বাংলাদেশ জয়ী হবে। জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা জিতে আসতে চায় কি না। কৃষকদের জন্য ভর্তুকি অব্যাহত রাখার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কৃষকদের জন্য সব রকমের ভর্তুকি দিয়েছি। এটা দিয়ে যাব।’ এ প্রসঙ্গে তিনি ডিজেল ও বিদ্যুতে কৃষকদের ভর্তুকি দেওয়ার কথাও উল্লেখ করেন।পরমুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গ্রামে অর্থ সরবরাহ বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই আইনশৃঙ্খলার অবনতি, মানবাধিকার লঙ্ঘন, লুটপাট ও দুর্নীতি করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসী সৃষ্টি করা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই সংবিধান সংশোধন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দেশে বিরোধী দল ছিল না। তারা কেন দেশের উন্নয়ন করেনি? তারা কেন বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি? তারা কেবল দেশের মানুষকে অত্যাচার-নির্যাতন করেছে, ব্যবসায়ীদের ধরে টাকা আদায় করেছে। শিক্ষক, চিকিৎসকসহ সব পেশার মানুষই অত্যাচারের শিকার হয়েছে। ওই দুই বছর দেশ কারাগার হিসেবেই ছিল। ’ অনুষ্ঠানে সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, মহীউদ্দীন খান আলমগীর, সতীশ চন্দ্র রায়, আ ফ ম রুহুল হক, আব্দুল মান্নান খান, মাহবুব উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।