মানুষের সেবা করতে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম গরিব ঘরে হলেও ওদের লক্ষ্য ছিল অটুট। জীবনের স্বপ্ন পূরণের জন্য শুরু থেকেই লক্ষ্য ঠিক করে নিয়েছে ওরা। ওদের কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক আবার কেউ শিক্ষক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখছে। তাই শত বাধা পেরিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ওরা এ স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেছে।নিজের রোজগারে লেখাপড়া: নাটোর সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের আবদুল হেকিমের ছেলে তাইজুল ইসলাম। নিজেদের জমি নেই। বাবার বয়স অনেক। তিনি কোনো কাজ করতে পারেন না। এ কারণে ছোটবেলা থেকেই সংসারের হাল ধরতে হয়েছে তাকে। এত দারিদ্র্যের মাঝেও চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত তাইজুল। সেই স্বপ্ন সত্যি করতে দিনমজুরি ও গৃহশিক্ষকতা করে পড়ালেখা চালিয়ে গেছে। এবারের এসএসসি পরীক্ষায় সদরের ধলাট আদর্শ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। তাইজুল বলে, ‘একজন ভালো মানুষ ও ভালো চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করব।’ফরম পূরণের টাকা দিয়েছেন শিক্ষকেরা: কুড়িগ্রামের উলিপুর উপজেলার খয়বার আলী একজন দিনমজুর। তাঁর পরিবারে সদস্য সংখ্যা পাঁচ। নিজের জমি নেই, লেখাপড়াও বেশি দূর করেননি। সংসার চালানোর জন্য তিনি দিনমজুরি করেন এবং তাঁর স্ত্রী আলেয়া বেগম গৃহপরিচারিকার কাজ করেন। এতেও অভাব দূর না হওয়ায় তাঁদের ছেলে আলমগীর হোসেন দিনমজুরি করে চালিয়ে গেছে লেখাপড়া। বই কেনার সামর্থ্য না থাকায় ধার করে পড়তে হয়েছে। এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়েছেন শিক্ষকেরা। কষ্ট করার ফল মধুর হয়েছে। সে উপজেলার মণ্ডলহাট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। আলমগীর জানায়, সে প্রকৌশলী হতে চায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিদুর রহমান জানান, ছেলেটি লেখাপড়ায় খুবই ভালো। সহযোগিতা পেলে সে আরও অনেক দূর এগিয়ে যাবে।দিনে কাজ, রাতে লেখাপড়া: জয়পুরহাটের কালাইয়ের রেজওয়ান ইসলামের জীবনের গল্পটা একটু অন্য রকমের। মা-বাবার আদর ও স্নেহ পায়নি সে। এক বছর বয়সে তাঁর মা রেখা বেগম ও বাবা খয়বর আলী আলাদা হয়ে যান। এরপর গরিব নানার বাড়িতে থাকতে হয়েছে তাকে। কখনো দিনমজুরি আবার কখনো গৃহপরিচারকের কাজ করেছে সে। কিন্তু লেখাপড়া করে সফল মানুষ হওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ছিল তার। এ কারণে দিনের বেলা বাইরে কাজ করলেও রাতে ঘরে ফিরে লেখাপড়া করেছে সে। কাজ করার কারণে বিদ্যালয়েও যাওয়া হয়নি নিয়মিত। এভাবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ময়েনউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। রেজওয়ান জানায়, সে এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে।অসহায় ছাত্রদের পাশে দাঁড়াতে চায় নয়ন: অভাব ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মো. নয়ন আলী। সে পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকার লাকী বেগমে ও মৃত সাইদার রহমানের ছেলে। ২০০৪ সালে বাবা মারা যাওয়ার পর মা লাকী বেগম বিপাকে পড়েন। তিন সন্তানের মুখে খাবার তুলে দিতে শুরু করেন গৃহপরিচারিকার কাজ। এক কক্ষের একটি ছোট ঘরে বাস করত নয়ন। তাদের ঘরে কোনো চেয়ার নেই। আর্থিক সংকটের কারণে ভালো জামা পরতে পারেনি সে। অনেক উপোস থাকতে হয়েছে। এর পরও বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা ও নিজের ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের কারণে পরীক্ষায় ভালো ফল করেছে সে। সে প্রাথমিক ও অষ্টম শ্রেণীতেও বৃত্তি পেয়েছিল। নয়ন আলী বলে, ‘ভবিষ্যতে শিক্ষক হয়ে আমার মতো অসহায় ছাত্রদের পাশে দাঁড়াতে চাই।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মুক্তার হোসেন, নাটোর; মঞ্জুরুল হান্নান, উলিপুর (কুড়িগ্রাম); আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট) ও শহীদুল ইসলাম, পঞ্চগড়]