মানুষের সেবায় 'রংধনু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোংলার দিগরাজ খেয়াঘাট–সংলগ্ন এলাকা থেকে তোলা l প্রথম আলো
বঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোংলার দিগরাজ খেয়াঘাট–সংলগ্ন এলাকা থেকে তোলা l প্রথম আলো

প্রতিকূল প্রকৃতির নির্মম ছোবল, খাবার পানির জন্য নিরন্তর সংগ্রাম আর নিদারুণ দারিদ্র্যকে সঙ্গী করে বেঁচে থাকার এক দুরূহ সংগ্রামে লিপ্ত খুলনা উপকূলের প্রান্তিক মানুষ। সেখানে জীবন মানে শুধুই কোনোমতে টিকে থাকা। স্বাস্থ্য নিয়ে ভাবার ফুরসত কোথায়? তার ওপর হাসপাতালে যেতে নাজুক যোগাযোগব্যবস্থা তো আছেই। সেখানকার মানুষের কাছে চিকিৎসাসেবা তাই অনেকটা সোনার হরিণ।
বঞ্চিত এসব মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’। জাহাজে বানানো এই হাসপাতালে রয়েছে আধুনিক চিকিৎসার সব সুযোগ। আর এখানে সেবা মেলে বিনা মূল্যে।
গত ৩ মে থেকে ‘রংধনু’ দাকোপ উপজেলার চালনা লঞ্চঘাটের কাছে নোঙর ফেলে। সেখান থেকে ২৪ জুলাই এটি দিগরাজ খেয়াঘাটের কাছে ফের নোঙর করে সেবা দিয়ে যাচ্ছে।
গত ২৫ অক্টোবর ভাসমান হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, ইঞ্জিনচালিত নৌকায় করে দলে দলে মানুষ ভিড়ছে নোঙর করা জাহাজটির কাছে। জাহাজের ডেকে লম্বা লাইনে চলছে নিবন্ধন কার্যক্রম। এরপর ধারাবাহিকভাবে ডাক পড়ছে রোগীদের। জাহাজের ভেতরে গিয়ে দেখা যায়, হাসপাতালে জরুরি সেবা দেওয়ার জন্য রয়েছে চারটি শয্যা, দুটি অপারেশন থিয়েটার, চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ, গাইনোকলজি ও নারী-শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা বিভাগ। আছে পৃথক চক্ষু ও দন্ত বিভাগ, রোগনির্ণয়কেন্দ্র ও ডিজিটাল এক্স-রে কক্ষ। ওষুধ বিভাগও রয়েছে, যেখান থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। কম্পিউটারভিত্তিক হাসপাতাল ব্যবস্থাপনা সফটওয়্যার রয়েছে।

বঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোংলার দিগরাজ খেয়াঘাট–সংলগ্ন এলাকা থেকে তোলা l প্রথম আলো
বঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোংলার দিগরাজ খেয়াঘাট–সংলগ্ন এলাকা থেকে তোলা l প্রথম আলো

প্রশাসনিক কর্মকর্তা কাজী শাহজাহান বলেন, হাসপাতালে তিনজন স্থায়ী চিকিৎসকসহ ২৯ জন কর্মী রয়েছেন। এ ছাড়া প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮ হাজার ২৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অস্ত্রোপচার ছাড়া অন্য রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিশেষ করে হার্নিয়া, নাক, কান ও গলা এবং দাঁতের চিকিৎসাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে হাসপাতাল থাকবে ১০ নভেম্বর পর্যন্ত।
অস্ত্রোপচারের পর পরীক্ষা করতে এসেছেন খুলনার কয়রার বাসিন্দা আবু মোতলেব (৫৩)। তিনি বলেন, ‘টাকা খরচ করে চোখের অপারেশন করা আমার পক্ষে সম্ভব ছিল না। এখানে বিনা মূল্যে চোখের আলো ফিরে পেয়েছি।’
হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান সিদ্দিক রাশেদ বলেন, এখানকার মানুষ কোমরের ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা ও খোসপাঁচড়ার চিকিৎসা নিতে আসছেন। বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে তাঁরা ভীষণ খুশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে বলেন, ‘হাসপাতালটির সেবাকার্যক্রম দেখেছি। উপকূলের অনেক মানুষ রয়েছেন, যাঁরা উপজেলা কিংবা জেলা সদরে গিয়ে ভালো চিকিৎসক দেখাতে পারেন না। রংধনু হাসপাতালের মাধ্যমে তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিচ্ছেন। এই কার্যক্রম অব্যাহত থাকলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।’