
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা যেমন অপরাধ, তেমনি বাক্স্বাধীনতায় হস্তক্ষেপ করাও অপরাধ। সরকার বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দেয় না, বিরোধী দলও মানুষকে স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা দেয় না।
বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে স্বাধীনতা দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান এ কথা বলেন। ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের সংগঠন এই সভার আয়োজন করে।
আনিসুজ্জামান বলেন, ‘আমরা অনেক সময় বলি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা, ধর্মীয় অনুভূতিতে আঘাত না করার কথা। কিন্তু কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যে রকম অন্যায়, তেমনি কারও বাক্স্বাধীনতায় বাধা দেওয়াও যে অন্যায়, সেটা জোর গলায় বলি না।’
মূল প্রবন্ধে কবি সৈয়দ শামসুল হক বলেন, মানুষের ইসলাম ক্রমেই ঢাকা পড়ে যাচ্ছে জঙ্গি ও রাজনৈতিক ইসলামের আড়ালে। প্রযুক্তির উন্নতমান ও যাতায়াত ব্যবস্থার বৈপ্লবিক দক্ষতার কারণে বিশ্ব এখন বৃহৎ পল্লিতে পরিণত হয়েছে, তেমনি রাজনীতি ও অর্থনীতির মতো জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতারও বিশ্বায়ন ঘটেছে। তিনি বলেন, বিএনপির আন্দোলন জামায়াতের হাতে চলে গেছে। বাঘের পিঠ থেকে নামতে চাইলে বাঘই গিলে খাবে, এমন ভয়েই বিএনপি তাদের সঙ্গ ছাড়তে পারছে না। আলোচনা শুরুর আগে দেশের সাম্প্রতিক সময়ের উগ্র জঙ্গিবাদী তৎপরতাকে রুখে দিতে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক আবেদ খান। সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী প্রমুখ বক্তব্য দেন।