সাম্প্রতিককালে মানুষের মধ্যে নতুন যেসব রোগের সংক্রমণ দেখা দিয়েছে তার ৭০ শতাংশের উৎস জীবজন্তু। আশঙ্কা করা হচ্ছে, প্রতি বছর এ রকম তিন-চারটি রোগের আবির্ভাব হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ২০১৫ সাল নাগাদ পৃথিবীর মানুষ আটটি থেকে সর্বোচ্চ ৩৪টি নতুন রোগে আক্রান্ত হবে।গতকাল বৃহস্পতিবার ‘ওয়ান হেলথ ইন সাউথ এশিয়া’ শীর্ষক সম্মেলনে যুক্তরাষ্ট্রের আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) বিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক পিটার বি. ব্লোল্যান্ড এ তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইসিডিডিআরবি, সিডিসি, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এবং চিটাগং ভেটিরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।নতুন রোগের আবির্ভাব সম্পর্কে পিটার বি. ব্লোল্যান্ড বলেন, ১৯৮০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ৮৭টি নতুন রোগে মানুষ আক্রান্ত হয়েছে। এর অধিকাংশ পশু-পাখি থেকে এসেছে। তিনি বলেন, পশু-পাখির কাছাকাছি বসবাস বা পশু-পাখিজাত পণ্য নতুন রোগে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে মূল ঝুঁকি।সম্মেলনে আইসিডিডিআরবির ইনফ্লুয়েঞ্জাবিষয়ক বিশেষজ্ঞ এদোয়ার্ডো আজিজ বলেন, প্রতি এক লাখ মানুষে ১২ দশমিক ছয়জন মারা যায় শ্বাসতন্ত্রের সংক্রমণে। শ্বাসকষ্টজনিত মৃত্যুহার পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি। তিনি জানান, শ্বাসতন্ত্রের চিকিৎসায় বাংলাদেশে রোগীপ্রতি গড়ে ৩৪৪ টাকা খরচ হয়।সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, নিপাহ ভাইরাস, অ্যানথ্রাক্স এসব রোগ নিয়ে আলোচনা হয়। পশু বা পাখি থেকে আসা এসব রোগের সংক্রমণের অভিজ্ঞতা বাংলাদেশের হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআরবির কর্মকর্তা স্টিভ লুবি বলেন, বিশ্বে দক্ষিণ এশিয়ায় শিশু মৃত্যুহার সবচেয়ে বেশি। এ অঞ্চল জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এ অঞ্চল এসব বিষয়ে নেতৃত্ব দিতে পারছে না।স্বাগত বক্তব্যে বাংলাদেশের এক বিশ্ব এক স্বাস্থ্যের সমন্বয়কারী অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, প্রকৃতি পশু-পাখি থেকে বিচ্ছিন্ন করে মানুষের স্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির।