মান্ডা বালুর মাঠ স্থানীয়দের অবসর কাটানোর জায়গা
রাস্তার দুই পাশে গাছের সারি। কিছু দূর পরপর কাশফুলের ঝোপ। এক পাশে বিস্তীর্ণ বালুরাশি। বালুর মাঠে খেলাধুলা করছে স্থানীয় কিশোর-তরুণেরা। শরীর সুস্থ রাখতে ব্যায়াম করছেন, হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার বিকেলে মুগদাপাড়ার পাশের মান্ডা বালুর মাঠে এ দৃশ্য দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বালুর মাঠ আগে নিচু জায়গা ছিল। বেশ কয়েক বছর আগে একটি আবাসন প্রতিষ্ঠান তাদের প্রকল্পের জন্য বালু ভরাট করে। সেই থেকে স্থানীয়ভাবে জায়গাটি ‘বালুর মাঠ’ নামে পরিচিত। স্থানীয় মুগদাপাড়া ও মান্ডা এলাকার বাসিন্দাদের অবসর সময় কাটানোর পছন্দের জায়গা এটি।
পরিবার নিয়ে ঘুরতে আসা মুগদাপাড়ার বাসিন্দা ইকবাল হাসান বলেন, ‘ইট-বালুর যান্ত্রিক জীবন থেকে একটু রেহাই পেতে প্রতিদিন বিকেলে এখানে আসি। জায়গাটি অনেক শান্ত ও সবুজে ঘেরা।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন সকাল ও বিকেলে স্থানীয় বাসিন্দারা এখানে ঘুরতে ও ব্যায়াম করতে আসেন। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে লোকজন বেশি আসে। ছুটির দিনগুলোতে এখানে মানুষের আনাগোনা বাড়ে। সবাই স্বচ্ছন্দে হাঁটাহাঁটি করেন। যানজট ও কোলাহলের শহর ঢাকায় একটু নিরিবিলি ও সবুজে ঘেরা পরিবেশ পাওয়ায় মান্ডা বালুর মাঠে বেড়াতে আসেন তাঁরা। মাঝেমধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসে বনভোজন করতে। স্থানীয় বাসিন্দারা ফুটবল, ক্রিকেট খেলেন। মান্ডা এলাকার স্থানীয় বাসিন্দা জোবায়ের ইসলাম বলেন, ‘রাজধানীর আশপাশের অন্য বেড়ানোর জায়গাগুলোর মতো এখানে হকারদের তেমন কোনো উৎপাত নেই। এর ভেতর দোকানপাটও নেই। বিশুদ্ধ বাতাস, কোলাহল নেই। যে কেউ অবসর সময়টা এখানে শান্তিতে কাটাতে পারবেন।’
মান্ডা বালুর মাঠে যেতে হলে কমলাপুর স্টেশন থেকে রিকশা নিতে হবে। আর গাড়িতে যেতে হলে মুগদাপাড়া হয়ে মান্ডা প্রধান সড়ক দিয়ে এগিয়ে মান্ডার শেষ মাথায় সেতুর পাশে নামতে হবে। সেতু পেরিয়ে যেতে হয় বালুর মাঠে। মাঠের প্রবেশমুখে আবাসন প্রতিষ্ঠানের নিয়োগ করা নিরাপত্তা প্রহরী থাকে। তবে প্রতিদিন সকাল ও বিকেল এবং ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে মাঠের দুয়ার।