মান্দায় অধ্যক্ষের অপসারণ দাবি
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজে মহান বিজয় দিবস উদ্যাপন না করায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় ব্যক্তিরা দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার লক্ষ্মীর মোড়ে গতকাল বুধবার এ কর্মসূচি পালন করেন।
এর আগে ২৬ ডিসেম্বর জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেন ভারশোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুস সালামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
গতকাল বেলা ১১টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থীর অভিভাবক আনসার আলী, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
অধ্যক্ষ আবদুস সালাম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতিকে অবহিত করেই তাঁরা বেড়াতে গিয়েছিলেন। দায়িত্বপ্রাপ্ত দুজন শিক্ষক বিজয় দিবসে পতাকা উত্তোলনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করেছেন।