মান্দায় এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের ৫০ লাখের অধিক টাকা আত্মসাৎ করে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার নওগাঁর মান্দার চৌবাড়িয়া বাজার শাখার শাখা ব্যবস্থাপকের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই সংস্থা ওই শাখার ব্যবস্থাপক কামাল হোসেনের বিরুদ্ধে গ্রাহকের ৩৪ লাখ ৭০ টাকা আত্মসাতের অভিযোগে গত রোববার থানায় মামলা করেছে।
সংস্থাটির চৌবাড়িয়া শাখার ১০ থেকে ১২ জন গ্রাহক বলেন, ঋণ নিতে ওই শাখার ব্যবস্থাপক কামাল তাঁদের তিন শ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি ছবি জমা দিতে বলেন। পরে তিনি ৫০ হাজার থেকে ৫ লাখ পর্যন্ত গ্রাহকদের ঋণ চাহিদার বিপরীতে তাঁদের কাছ থেকে ১০ থেকে ৫০ হাজার টাকা সঞ্চয় জমা নেন। এ ছাড়া সঞ্চয় ও ঋণের টাকা দেওয়ার কথা বলে স্বাক্ষরিত ফাঁকা চেক জমা নেন তিনি। তাঁদের মতো ওই এলাকার প্রায় ১০০ জন গ্রাহকের কাছ থেকে এভাবে ফাঁকা চেক ও সঞ্চয়ের টাকা নিয়ে গত তিন মাস থেকে উধাও ওই কর্মকর্তা। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
সংস্থার গ্রাহক উপজেলার বাঁকাপুর গ্রামের ইনতাজ আলী বলেন, চৌবাড়িয়া বাজারে তাঁর পেইন্টিং ব্যবসা রয়েছে। এ সংস্থা থেকে মাসিক কিস্তিতে দেড় লাখ টাকা ঋণ নেওয়ার জন্য ১৫ হাজার সঞ্চয় ও দুটি ফাঁকা চেক জমা দেন তিনি। পরে ঋণের টাকা না দিয়ে রাতারাতি কামাল উধাও হয়ে যান।
বাঁকাপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘আমার মতো বাঁকাপুর গ্রামের আরও অন্তত ৩০ জনকে ঋণের টাকা দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের আমানত ও ফাঁকা চেক জমা নিয়ে কামাল উধাও হয়েছেন। এখন আমাদের নামে মঞ্জুর হওয়া ঋণ কামাল উত্তোলন করলে সেই ঋণ শোধ করতে হবে আমাদের। এখন এমন অবস্থা, ঋণ না পাই, জমা দেওয়া আমানত ও স্বাক্ষরিত ফাঁকা চেক ফেরত পেলেই বাঁচি।’
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কয়েকটি গ্রামের অন্তত ১০০ জন গ্রাহককে ঋণ দেওয়ার কথা বলে আমানত ও ফাঁকা চেক জমা নিয়েছেন কামাল।
জানতে চাইলে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আবদুল লতিফ মিয়া বলেন, ঋণের জন্য গ্রাহকদের কাছ থেকে ফাঁকা চেক নেওয়ার বিধান নেই। কামালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি (কামাল) কিছু গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে ৩৪ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করেছেন। কিন্তু উত্তোলন করা ঋণের টাকা যাঁদের নামে মঞ্জুর করা হয়েছে, তাঁরা এখনো পাননি। এ জন্য তাঁর বিরুদ্ধে ওই শাখার বর্তমান ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মামলা করেছেন। আত্মসাৎ করা টাকার পরিমাণ আরও বেশি হতে পারে।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ চৌবাড়িয়া শাখায় সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।