মান্দায় ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় মামলা
নওগাঁর মান্দা উপজেলা চৌবাড়িয়া বাজারের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় নার্গিস আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার নার্গিসের ভাই আল মামুন বাদী হয়ে মান্দা থানায় এ মামলা করেন।
এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মামলার আসামিরা হলেন অস্ত্রোপচারকারী চিকিৎসক সারোয়ার আলম, ক্লিনিকের মালিক আশরাফুল ইসলাম, নার্স সালমা সুলতানা, আয়া নাজনীন, চিকিৎসকের সহযোগী জামিউল হক ও অজ্ঞাতনামা আরও একজন।
ঘটনা তদন্তে মঙ্গলবারই সিভিল সার্জন মোজাহার হোসেনের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উজ জামানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) জিন্নাত আরা ও মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফজলে রাব্বী। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ফরিদ উজ জামান বলেন, ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করা হয়েছে। অ্যানেসথেসিয়ার (অবেদনজনিত) ত্রুটি ও অস্ত্রোপচারকক্ষের অব্যবস্থাপনার কারণে প্রসূতির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।