মান্দায় খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় সাগরী বিবি (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সাগরী বিবি মান্দা সদর ইউনিয়নের বিন্দিবাজার গ্রামের নয়ন হোসেনের (৪০) স্ত্রী। ঘটনার পর থেকে নয়ন পলাতক।
গত বুধবার রাতে উপজেলার দেলুয়াবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাগরী বিবির ভাই মকবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে নয়নের সঙ্গে সাগরীর বিয়ে হয়। নয়নের আরেকজন স্ত্রী থাকায় তিনি সাগরীকে নিয়ে দেলুয়াবাড়ি বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বুধবার রাতে সাগরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নয়ন বাজার থেকে চানাচুর, মুড়ি, কলা ও তরল ওষুধ এনে কৌশলে তাঁকে খাইয়ে দেন। এর কিছুক্ষণ পরই যন্ত্রণায় ছটফট করতে করতে সাগরীর মৃত্যু হয়।