মান্দায় চার আদিবাসী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামের চার আদিবাসী শ্রমিক হত্যার ঘটনায় গত শুক্রবার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মহাখালী এলাকা থেকে শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের একটি দল।গ্রেপ্তার হওয়া আসামিরা হলো আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন। আনোয়ার চকগোপাল গ্রামের মোহাম্মদ আলী এবং দেলোয়ার একই গ্রামের আক্কাস সরদারের ছেলে।পুলিশ জানায়, চার আদিবাসী শ্রমিক হত্যা মামলার আসামি আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন হাইকোর্ট থেকে জামিন নেওয়ার চেষ্টা করছেন, এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি বিশেষ দল ঢাকায় যায়। তারা ঢাকায় বসে মুঠোফোনের সূত্র ধরে তাদের শনাক্ত করে। পরে তেজগাঁও থানা পুলিশের সহায়তায় তাদের মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা কামাল জানান, তাদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।