মান্দায় বন্যা পরিস্থিতির আবার অবনতি
দুই দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর মান্দায় আবার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। আত্রাই ও এর শাখা ফকিরনী নদীর পানি বেড়ে গত বুধবার সন্ধ্যায় বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
ইতিমধ্যে আত্রাই নদীর বেড়িবাঁধের ভাঙা সাতটি স্থান দিয়ে পানি ঢুকে আবারও ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে বন্যা দেখা দেওয়ায় এসব এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বুধবার নদীর পানি বেড়েছে। আরও দুই দিন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, দুই দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত সোমবার থেকে আত্রাই নদীর পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার তা বিপৎসীমা অতিক্রম করে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু বুধবার পানি আরও বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, ময়নাডাঙ্গা এলাকায় আত্রাই নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলছেন।