মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়গুন বিবি (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার পাকুড়িয়া শহীদ বাজারে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জয়গুন বিবি পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের সাহাবুর আলীর স্ত্রী।
জয়গুন বিবির পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পালা থেকে খড় আনতে বাড়ির বাইরে যান জয়গুন। এ সময় গ্রামের ভেতরের রাস্তার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাহাবুর আলী বলেন, প্রতিবেশী আব্দুল গফুর তাঁর বাড়ির প্রায় ২০০ মিটার দূরে পাকুড়িয়া শহীদ বাজারের আবুল কালামের মুদি দোকান থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন। বাঁশের খুঁটি ও গাছের ডাল ব্যবহার করে বিপজ্জনকভাবে বাড়িতে খোলা বৈদ্যুতিক তার নেওয়া হয়েছে। এ ব্যাপারে পাড়ার লোকজন পল্লী বিদ্যুতের লাইনম্যানদের কাছে অভিযোগ করলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের লোকজনকে ম্যানেজ করে গফুর প্রায় তিন মাস ধরে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে ব্যবহার করছেন।
মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিলন কুমার বলেন, অবৈধ সংযোগ তারে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত (বিকেল ৪টা) থানায় কেউ কোনো অভিযোগ করেননি।