নওগাঁর মান্দায় সন্ত্রাসীদের হামলায় চার আদিবাসী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ-সমাবেশ করেছেন জাতীয় আদিবাসী পরিষদের নেতা-কর্মীরা। গতকাল দুপুর ১২টার দিকে নেতা-কর্মীরা স্থানীয় ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে সমাবেশ করেন। সমাবেশ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট মামলার তদন্তকারী মোস্তফা কামালের দ্রুত অপসারণের দাবি জানানো হয়। জাতীয় আদিবাসী পরিষদের মান্দা শাখার সভাপতি শুনিলাল পাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান, পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, আদিবাসী নেত্রী রেবেকা সরেন প্রমুখ। বক্তারা দাবি আদায়ে আগামী ৫ জুন নওগাঁর নওজোয়ান মাঠে সমাবেশে করে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার জাহানের কার্যালয়ে একটি সঞ্চারকলিপি জমা দেওয়া হয়। প্রসঙ্গত, গত ৪ মে উপজেলার চকগোপাল গ্রামে বিরোধপূর্ণ একটি জমিতে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলে দুজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরে আরও দুজন আদিবাসী শ্রমিক মারা যান।