মান্না ইব্রাহিম কার্ডিয়াকে
নাগরিক ঐক্যের আহ্বায়ক কারারুদ্ধ মাহমুদুর রহমান মান্নাকে ইব্রািহম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি হৃদ্যন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার বেলা একটার দিকে মাহমুদুর রহমান মান্নাকে সেখানে ভর্তি করা হয়। এর আগে গত ৩১ মে হাইকোর্ট মাহমুদুর রহমান মান্নাকে ইব্রািহম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।
নাগরিক ঐক্যের ছাত্রসংগঠন নাগরিক ছাত্রঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমান মান্নার হৃদ্যন্ত্রে রিং পরানো হয়েছিল আগেই। তাঁর অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালে আনার পর তাঁর কিডনির সমস্যাও ধরা পড়েছে। তিনি এখন কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক মো. লিয়াকত আলীর অধীনে ভর্তি আছেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মান্নার বিরুদ্ধে মামলা দুটি হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে এনে চিকিৎসা দিয়ে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।