
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকার ব্যাপারে জরুরি আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
জাতীয় মানবাধিকার কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে বলা হয়েছে, একজন রাজনীতিকের কাছে মানুষের জীবনের মূল্য এত কম, তা ভেবে বিচলিত কমিশন। এ ছাড়া মান্না পেট্রলবোমায় মানুষ হত্যার বিষয়টি ‘প্রোপাগান্ডা’ হিসেবে চিহ্নিত করেছেন এবং যেকোনো উপায়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার অবস্থান পরিষ্কার করেছেন। এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা চলমান পরিস্থিতিকে আরও ভয়াবহ ও জটিল করে তুলতে পারে।
ফোনালাপকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে চিঠি দিলেও সারা দেশে ‘ক্রসফায়ারের’ ঘটনায় সোচ্চার হতে দেখা যায় না কেন? জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সব ঘটনার ক্ষেত্রে আমরা এভাবে চিঠি দিই না। তবে ক্রসফায়ারের ব্যাপারেও আমরা চিঠি দিয়েছি।’ তিনি মনে করেন, ‘এখন যেসব ঘটনা ঘটছে আর ওনারা যে ধরনের বক্তব্য দিয়েছেন, তাতে ঘটনাকে উসকে দেওয়া হয়েছে। এর ফলে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই আমরা চিঠি দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’
কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কমিশনের চেয়ারম্যান দেশের মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে নিরন্তর প্রয়াসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সাদেক হোসেন খোকার এবং এক অজ্ঞাতনামা ব্যক্তির টেলিফোন সংলাপ বিশ্লেষণে দেখা গেছে, স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে মান্না সেনা হস্তক্ষেপের পথ প্রশস্ত করতে জেনারেলদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। এ ধরনের অপতৎপরতায় জাতীয় মানবাধিকার কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করছে।
কমিশন চিঠিতে আরও বলেছে, টেলিফোন সংলাপে আন্দোলনের চলমান ধারা অব্যাহত রাখার ব্যাপারে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ছড়িয়ে লাশ ফেলে আন্দোলন গতিশীল করতে জোর দেওয়া হয়েছে।
মানবাধিকার কমিশন এভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে চিঠি লিখতে পারে কি না—জানতে চাইলে ব্লাস্টের সম্মানিত নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার বিশ্বাস হয় না, মানবাধিকার কমিশন আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে এমন চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে পারে। যদি দিয়ে থাকে, তাহলে এটা উসকানিমূলক। একটি তদন্তাধীন বিষয়ে এভাবে তারা কারও ন্যায়বিচার পাওয়ার পথ বন্ধ করতে পারে না। এ রকম চিঠি দিয়ে থাকলে ক্ষমা চাওয়া উচিত।’