মান্না ও খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন মিলেছে
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন পেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার এ মামলা করা হবে বলে প্রস্তুতি নেওয়া হয়েছে। গুলশান থানায় এ মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
জানতে চাইলে গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, ‘অনুমোদন পাওয়া মানেই ধরে নিতে হবে মামলা হয়ে গেছে, এখন শুধু লিপিবদ্ধ করার কাজ বাকি।’
পুলিশ সূত্র জানায়, প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারের অনুমোদন নিতে হয়। পুলিশের পক্ষ থেকে খোকা ও মান্নার বিরুদ্ধে মামলা করার অনুমোদন চাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুমোদন দিয়েছে। গতকাল এ-সংক্রান্ত চিঠি গুলশান থানা-পুলিশের হাতে আসে।
এদিকে মান্নাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মান্নার ফোনালাপের সূত্র ধরে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তিনি কারও নাম বলেননি। ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের রিমান্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে জিজ্ঞসাবাদ করছে।
মান্নার পরিবার দাবি করে, ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মান্নাকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নেওয়া হয়। তবে পুলিশের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবারের সামনে থেকে মাহমুদুর রহমান মান্নাকে আটক করে র্যা ব। পরদিন তাঁকে গুলশান থানায় দায়ের করা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের উসকানি দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে আনা হয়।