মান্না কাশিমপুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গত শুক্রবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার হাসপাতালে পাঠানো হয়েছে। নাগরিক ঐক্য ও মান্নার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে বারডেম হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি যেসব রোগে ভুগছেন, তাতে জেলে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব নয়।
তবে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, পুরান ঢাকা থেকে জেলখানা কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এ জন্য তাঁকে কাশিমপুর কারাগার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম প্রথম আলোকে বলেন, কাশিমপুর যাওয়ার ক্ষেত্রে ওনার বা পরিবারের আপত্তি ছিল না।
গত শুক্রবার মান্নার সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী মেহের নিগার। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা তাঁকে কাশিমপুরে পাঠানোর জন্য আপত্তি করিনি। কারণ কাশিমপুর কারাগারের হাসপাতালে থাকলে তিনি চিকিৎসা পাবেন বলে মনে করছি।’ তবে তিনি বলেন, ‘ওনার যে ধরনের রোগ, তাতে পরিবেশ না পেলে এবং মানসিক স্বস্তি না এলে উনি সুস্থ হবেন না।’
মেহের নিগার আরও জানান, আগে থেকেই ওনার হৃদ্রোগ ছিল, যা বেড়েছে। এ ছাড়া কিডনির সমস্যা ধরা পড়েছে। এর বাইরে আরও বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বারডেমে এসব চিকিৎসা পাঁচ-ছয় দিনের মধ্যে শেষ করা সম্ভব হয়েছে বলে মনে করেন না তিনি।
এর আগে মান্নাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাসেবা দিতে কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।