মান্না ষড়যন্ত্রের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা বলেন, মান্না সরকারের ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে এক বছরেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি সরকার। তাই তাঁকে মুক্তি দেওয়া এখন সরকারের দায়িত্ব।
গতকাল শুক্রবার বিকেলে মান্নার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব দলের নেতারা এসব কথা বলেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালিকুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর এক বছর পার হলেও মান্নার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা যায়নি। এতে প্রতীয়মান হয় যে মান্না সরকারের ষড়যন্ত্রের শিকার।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, তিনি মান্নার জামিন চান না। কারণ মান্নার বিরুদ্ধে যেহেতু সুনির্দিষ্ট মামলা দিতে পারেনি, তাই তাঁকে মুক্তি দিতে সরকার বাধ্য।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মাহমুদুর রহমান মান্না সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সরকারের বিরুদ্ধে জনগণের বিকল্প শক্তি তৈরি করতে চেয়েছিলেন। এতে সরকারে কাঁপন ধরে গিয়েছিল। এ কারণেই তাঁকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, নাগরিক ঐক্যের সদস্য ফজলু সরকার প্রমুখ। মানববন্ধন শেষে মান্নার মুক্তির দাবিতে একটি মিছিল বের করা হয়।