মান্না হাসপাতাল থেকে কারাগারে

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির আজ বুধবার দুপুরের দিকে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে আজই মান্নাকে কারাগার থেকে ওই হাসপাতালে নেওয়া হয়। এ সম্পর্কে কারা কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, মান্নাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।
তবে নাগরিক ঐক্যের সদস্য মাহবুব হোসেনের ভাষ্য, মান্না অসুস্থ। তাঁর জ্বর হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একটি দল মান্নাকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে গুলশান থানার পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। মান্নার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও করা হয়।
আরও পড়ুন:
হাসপাতালে মাহমুদুর রহমান মান্না