নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দেশের ২৮ জন বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, মান্না প্রায় এক বছর চার মাস বিনা বিচারে বন্দী আছেন। ন্যায়বিচার পেতে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে মান্নাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
বিবৃতিদাতা নাগরিকদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, অধ্যাপক আনু মুহাম্মদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক আহমদ কামাল, অধ্যাপক ফেরদৌস হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, মিডিয়া ও উন্নয়নকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর, আইনজীবী সারা হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।