মান্নাকে আটকে রাখা অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অসাংবিধানিকভাবে আটকে রাখা হয়েছে। তাঁর মুক্তির জন্য গণ-আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে আ স ম আবদুর রব বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় থাকতে চায় সরকার। এভাবে চলতে থাকলে দেশ থাকবে রাষ্ট্র থাকবে না।’ মান্নার মুক্তির জন্য রাজপথে নামতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, ‘আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আনতে হবে, কিন্তু মান্নার বেলায় তা করা হয়নি। এ ছাড়া সংবিধান অনুসারে কাউকে বিনা বিচারে আটকে রাখা যাবে না। কিন্তু মান্নাকে অসাংবিধানিকভাবে আটকে রাখা হয়েছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, মান্নার মুক্তির জন্য বড় দল হিসেবে বিএনপিকে ভূমিকা রাখতে হবে।
নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।