মান্নাকে কেন জামিন দেওয়া হবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান থানায় করা দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রুল দেন। আদালতে মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে গুলশান থানায় দুটি আলাদা মামলা হয়। দুটিতেই তিনি জামিন চেয়েছেন। আদালত জামিন দেননি, তবে রুল দিয়েছেন। তিন সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং আরেক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনের দুটি অডিও প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুটি মামলাতেই তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। তবে তা নাকচ হয়ে যায়। ওই সময় থেকে তিনি কারাগারে আটক আছেন।