মান্নাকে চিকিৎসা দেওয়ার আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ বৃহস্পতিবার নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।।
গত ৩১ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির আদেশ দেন। এ আদেশ অনুসারে মান্নাকে ৮ জুন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি হৃদ্‌যন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছেন। তবে ১৪ জুন তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং আরেক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনের দুটি অডিও প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুটি মামলাতেই তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। তবে তা নাকচ হয়ে যায়। ওই সময় থেকে তিনি কারাগারে আটক আছেন।

আদালতে মান্নার পক্ষে আজ ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।