মান্নাকে জিজ্ঞাসাবাদে পুলিশ এখনো কিছু পায়নি
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না পুলিশি জিজ্ঞাসাবাদে কোনো কিছুই বলেননি। পুলিশ কর্মকর্তাদের মান্না বলেছেন, ‘ফোনে যা বলার বলেছি। এ ছাড়া আমার আর কিছু বলার নেই।’ ১০ দিনের রিমান্ডে এনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল শনিবার ছিল জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন।
ডিবির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মাহফুজুল ইসলাম বলেন, মাহমুদুর রহমান মান্নাকে জিজ্ঞাসাবাদে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় দিনের রিমান্ডে তাঁকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতে দেওয়া বক্তব্যই তিনি পুলিশকে শুনিয়েছেন। মান্না বলেছেন, ‘আমি আগে যা বলেছি তা থেকে একচুলও নড়ব না।’ ছোট একটি দল মান্নাকে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ সূত্র জানায়, মান্না এখনো পুলিশের দেওয়া খাবারই খাচ্ছেন। পরিবারের সঙ্গে তিনি এখনো দেখা-সাক্ষাৎ করার সুযোগ পাননি।
এদিকে মান্নার চিকিৎসা নিয়ে নাগরিক ঐক্যের পক্ষ থেকে গতকাল বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, মান্না দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও চোখের সমস্যায় ভুগছেন। আটকের পর থেকে চিকিৎসা বন্ধ আছে। ওষুধপত্রও দিতে দেওয়া হচ্ছে না। বিবৃতিতে পরিবারের সঙ্গে মান্নার সাক্ষাতের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
পুলিশের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে মাহমুদুর রহমান মান্নাকে আটক করে র্যা ব। পরদিন তাঁকে গুলশান থানায় দায়ের করা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে আনা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে জেরা করছে।