মান্নাকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন, বিনা কারণে মান্নাকে কারাগারে আটক রাখা হয়েছে। ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু চিকিৎসার ভালো ব্যবস্থা করা হচ্ছে না। এ জন্য অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের এক বছর উপলক্ষে তাঁর মুক্তির দাবিতে ছাত্র ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাকসুর সাবেক জিএস, ডাকসুর দুবারের ভিপি, সফল ছাত্রনেতা ও তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক মাহমুদুর রহমান মান্নাকে বিনা বিচারে, বিনা চিকিৎসায় আটক রেখে নির্যাতন করে তাঁর জীবন সংকটাপন্ন করে তোলা হচ্ছে। মারাত্মক অসুস্থ হলেও সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তাঁরা আরও বলেন, সরকার মান্নাকে ভয় পায়; কেননা তারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রেখেছে এবং তাদের ক্ষমতায় টিকে থাকাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিলেন মান্না।

নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সভাপতি আহমেদ আজম, যুব ঐক্যের আহ্বায়ক শাহীনুল আলম, কেন্দ্রীয় নেতা মো. কামরুজ্জামান, স্বপ্না আক্তার প্রমুখ।

২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীতে এক আত্মীয়ের বাসা থেকে মান্নাকে আটক করে পুলিশ।