মান্নাকে মুক্তি দেওয়া দায়িত্ব সরকারের: মানবন্ধনে বক্তারা
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করে বিভিন্ন দলের নেতারা বলেছেন, তাঁর বিরুদ্ধে এক বছরেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি সরকার। তাই সরকারের দায়িত্ব তাঁকে মুক্তি দেওয়া।
মান্নার মুক্তির দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আজ শুক্রবার ওই কর্মসূচির আয়োজন করা হয়। তাতে বামপন্থী কয়েকটি দলের নেতাও বক্তব্য দেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালিকুজ্জামান বলেন, আটকের এক বছরেও মান্নার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা যায়নি। এতে প্রতীয়মান হতে পারে যে, মান্না নয় এটা ছিল সরকারের ষড়যন্ত্র।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, তিনি মান্নার জামিন চান না। আইন অনুযায়ী যেহেতু ৬০ দিনে তাঁর বিরুদ্ধে সরকার সুনির্দিষ্ট মামলা দিতে পারেনি তাই তাঁকে মুক্তি দিতে সরকার বাধ্য।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মাহমুদুর রহমান মান্না সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সরকারের বিরুদ্ধে জনগণের বিকল্প শক্তি তৈরি করতে চেয়েছিলেন। এতে সরকারে কাঁপন ধরে গিয়েছিল। এ কারণেই তাঁকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, নাগরিক ঐক্যের সদস্য ফজলু সরকার প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন শেষে মান্নার মুক্তির দাবিতে নেতা-কর্মীদের একটি মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।