মান্নাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষের প্রতি হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ বৃহস্পতিবার নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে নাগরিক ঐক্যের পক্ষ থেকে গতকাল অভিযোগ করা হয়েছে, আদালতের আদেশ সত্ত্বেও মাহমুদুর রহমান মান্নার চিকিৎসা শেষ না করেই তাঁকে জোর করে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত ৩১ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির আদেশ দেন। এ আদেশ অনুসারে মান্নাকে ৮ জুন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগে বলা হয়, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শারীরিক পরীক্ষার পর মাহমুদুর রহমান মান্নার তিনটি ব্লকসহ তাঁর এনলার্জড হার্ট ধরা পড়ে। এ ছাড়া তাঁর কিডনির অবস্থাও গুরুতর বলে জানা যায়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা চলাকালে হঠাৎ ১৪ জুন মান্নাকে কারাগারে ফেরত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং আরেক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনের দুটি অডিও প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।