মান্নাকে হাসপাতালে ভর্তির নির্দেশ হাইকোর্টের

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এখনো আদালতের আদেশ পৌঁছায়নি।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, গত ২১ মার্চ দুই মামলায় মান্নার জামিন প্রশ্নে আদালত রুল দিয়েছিলেন। ওই জামিন আবেদনের সম্পূরক হিসেবে মান্নার আইনজীবীরা একটি আবেদন করেন। শুনানি শেষে মান্নাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং আরেক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনের দুটি
অডিও প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুটি মামলায়ই তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। তবে তা নাকচ হয়ে যায়। ওই সময় থেকে তিনি কারাগারে আটক আছেন।
পরে জামিন চেয়ে মান্না হাইকোর্টে যান। গত ২১ মার্চ মান্নার জামিন প্রশ্নে রুল দিয়ে হাইকোর্ট জানতে চান, গুলশান থানায় করা দুই মামলায় মান্নাকে কেন জামিন দেওয়া হবে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেলার) আবু নেসার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ গতকাল সন্ধ্যা পর্যন্ত কারাগারে পৌঁছায়নি। আদেশের কপি হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগেও একাধিকবার মাহমুদুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানান কারাধ্যক্ষ।