মান্নান খানের ভাইসহ দেড় শ জনের বিরুদ্ধে মামলা
ঢাকার দোহার উপজেলায় সহিংসতার ঘটনায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব খানসহ ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করা হয়।
সহিংসতায় নিহত মোকসেদ খন্দকারের ছেলে মোতালেব খন্দকার গতকাল সোমবার দিবাগত রাতে দোহার থানায় মামলাটি করেন। ওই মামলায় দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দীনকেও আসামি করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মামলার তদন্তের দায়িত্ব পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে।
ভোট গ্রহণের ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সোমবার সকালে ঢাকার দোহার উপজেলার হাজারবিঘা গ্রামে কুপিয়ে খুন করা হয় বিজয়ী প্রার্থীর সমর্থক বাবা-ছেলেসহ তিনজনকে। প্রতিপক্ষের হামলায় তাঁরা খুন হন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিলাশপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামের মোকসেদ খন্দকার ওরফে মুসা খন্দকার (৫৫), তাঁর ছেলে মাসুদ খন্দকার (২৫) ও একই গ্রামের মকবুল হোসেন (৩৫)। তাঁরা ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিজয়ী প্রার্থী সালমা ইসলামের সমর্থক। তাঁদের ওপর হামলা চালান আওয়ামী লীগের নৌকা প্রতীকে পরাজিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সমর্থকেরা। এতে সালমা ইসলামের আরও অন্তত ২০ জন সমর্থক আহত হন। এর মধ্যে একজন নারীসহ ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার ও হামলাকারী উভয় পক্ষই আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক। এ নির্বাচনে একটি পক্ষ জাতীয় পার্টির সালমাকে সমর্থন দেয়। হামলার শিকার ব্যক্তিরা বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মোল্লার পক্ষের লোক। নিহত মকবুল দোহার থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তিনি আলাউদ্দিনের ভাগনে। হামলাকারীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুকুম আলী ও তাঁর সহযোগীরা ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা আব্দুল মান্নান খানের সমর্থক।
নিহত মোকসেদ খন্দকারের ছেলে মোতালেব খন্দকার দোহার থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দীনকেও আসামি করা হয়েছে।
হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে মান্নান খানের অনুসারী হুকুম আলীর নাম বলছেন এলাকাবাসী। তিনি ও তাঁর আত্মীয়স্বজনরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এলাকায় র্যাব-পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হুকুম আলীর সঙ্গে আলাউদ্দিন মোল্লা ও তাঁর সমর্থকদের আগে থেকেই শত্রুতা ছিল।
নির্বাচনে হুকুম আলী কাজ করেন আব্দুল মান্নান খানের পক্ষে। আলাউদ্দিন মোল্লা কাজ করেন জাতীয় পার্টির সালমা ইসলামের পক্ষে।