মান্নান খানের ভাইসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর তিনজন সমর্থক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ভাই মোতালেব খানসহ প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, পুরোনো শত্রুতা ও মতবিরোধ ওই হামলার কারণ। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী মান্নান খানের সমর্থক হুকুম আলী চোকদারের লোকজনের হামলায় গত সোমবার সকালে জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী সালমা ইসলামের সমর্থক আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন মোল্লার পক্ষের তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। নিহত তিনজন হলেন মোকসেদ খন্দকার ওরফে মুসা খন্দকার (৫৫), তাঁর ছেলে মাসুদ খন্দকার (২৫) ও মকবুল হোসেন (৩৫)।
হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে দোহার থানায় প্রায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত মোকসেদ খন্দকারের ছেলে মোতালেব খন্দকার। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ভাই ও দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব খান, বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুকুম আলী চোকদার, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার।
পুলিশ সোমবার বিকেল পর্যন্ত চারজনকে আটক করে। তবে সোমবার রাতভর অভিযান চালালেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, মামলা হওয়ার পরই তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। এজাহারে ঘটনার কারণ হিসেবে বাদী দীর্ঘদিনের শত্রুতা ও মতবিরোধকে উল্লেখ করেন। পুলিশের সামনে হত্যার ঘটনা ঘটেছে—এমন অভিযোগ ওঠার কারণে মামলাটি ডিবিতে দেওয়া হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য ডিবিতে দেওয়া হয়েছে।
সোমবারের ঘটনায় বিলাশপুর ইউনিয়নজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া বইছে। মোকসেদ, মাসুদ ও মকবুলের লাশ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে পৌঁছায়। লাশ সেখানে নেওয়া হবে—তাই দুপুর থেকেই সেখানে নিহত তিনজনের স্বজন এবং হাজারবিঘাসহ আশপাশের গ্রামগুলোর অসংখ্য নারী-পুরুষ অপেক্ষায় ছিলেন। নিহত মকবুলের বোন ফাহিমা বেগম বলেন, ‘ভাইয়ের মুখখানি শেষ দেখার জন্য বইসা আছি। যারা আমার ভাইকে খুন করেছে তাদের ফাঁসি চাই।’
ইউপি কার্যালয় চত্বরে লাশের অপেক্ষায় ছিলেন বিলাশপুর ইউপির চেয়ারম্যান আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরাও। র‌্যাব, পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। লাশ পৌঁছানোর পর বিক্ষোভে ফেটে পড়েন এতক্ষণ অপেক্ষায় থাকা মানুষ। তাঁরা কয়েকজনের নাম উল্লেখ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। ক্ষোভ, শোক, বিলাপ ও আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। হাজারবিঘা গ্রামে বাদ এশা জানাজা শেষে তিনজনের লাশ দাফন করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর থেকে হুকুম আলী চোকদারসহ হামলাকারীরা ঘর তালাবদ্ধ করে পালিয়েছেন। হুকুম আলীর এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনের দিন (রোববার) রাতে লাঙ্গল প্রতীকে সমর্থন দেওয়া বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার লোকজন আনন্দ মিছিল নিয়ে হুকুম আলীর বাড়ির সামনে যান। তাঁরা বাড়ির ফটকে হামলা ও নৌকার প্রতিকৃতি ভাঙচুর করেন। এর জের ধরেই সোমবার হামলা হয়। মোতালেব খানের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
আহতদের অবস্থা: সোমবারের হামলায় গুরুতর আহত চারজনের মধ্যে আসলাম মোল্লা, আনোয়ার খন্দকার ও শাহজালাল খন্দকার মিটফোর্ড হাসপাতালে এবং রেজাউল মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত মকবুল হোসেনের স্বজন লিটন মুন্সী গতকাল জানান, আহত চারজনের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, দোহারে হামলায় নিহত তিনজনের লাশের ময়নাতদন্ত গতকাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়। পরে তাঁদের লাশ স্বজনেরা হাজারবিঘা গ্রামে নিয়ে যান।
দুপুরে মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, সেখানে চিকিৎসাধীন আনোয়ার, শাহজালাল ও আসলাম মোল্লা কাতরাচ্ছেন। আনোয়ার খোন্দকার নিহত মোকসেদ খন্দকারের ছোট ভাই। আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই চোকদার বংশের লোকেরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আমরা মান্নান খানকে নৌকা মার্কায় ভোট দিয়েছিলাম। তাঁর কর্মকাণ্ডের জন্য এবার আমরা সালমা ইসলামের পক্ষে লাঙ্গলের নির্বাচন করেছি। পরাজয়ের কারণে মান্নান খানের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালায়।’