মান্নান, জব্বার ও নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। আবার নিজেকে নির্দোষ দাবি করে দুদকের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সাবেক সাংসদ এম এ জব্বার। এ ছাড়া ‘আমার মাধ্যমে রাজউকে দুর্নীতি হয়নি। ইট ইজ ওপেন চ্যালেঞ্জ’—বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৃথক জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন সাবেক প্রতিমন্ত্রী-সাংসদ ও রাজউক চেয়ারম্যান।
গতকাল সকাল পৌনে নয়টায় আব্দুল মান্নান খানকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসা করেন দুদকের উপপরিচালক নাসির উদ্দিন।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের আব্দুল মান্নান খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। দুদকের তদন্তে সত্য উদ্ঘাটিত হবেই হবে।’
হলফনামায় অতিরিক্ত সম্পদ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘যা বলার দুদককে বলেছি। তারা আমার বক্তব্যে সন্তুষ্ট হয়েছে।’
হলফনামা অনুযায়ী, পাঁচ বছর আগে মান্নান খানের সম্পত্তি ছিল ১০ লাখ ৩৩ হাজার টাকার। পাঁচ বছরের পরে তা হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। কীভাবে তিনি এ পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তা দুদক খতিয়ে দেখছে। ২০ ফেব্রুয়ারি মান্নান খানকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেদিন আসেননি।
গতকাল বেলা পৌনে ১১টায় দুদকে হাজির হন সাতক্ষীরা-২ আসনের সাবেক সাংসদ এম এ জব্বার। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানের জিজ্ঞাসাবাদে নিজেকে অসুস্থ জানিয়ে লিখিত বক্তব্য দিয়ে দুপুর পৌনে ১২টার দিকে তিনি দুদক কার্যালয় থেকে বেরিয়ে যান। দুদক সূত্র জানায়, লিখিত বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। অবৈধ সম্পদ অর্জনে জব্বারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে।
এদিকে, বিভিন্ন প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অস্বীকার করে রাজউক চেয়ারম্যান নূরুল হুদা বলেছেন, ‘আমার মাধ্যমে রাজউকে কোনো দুর্নীতি হয়নি। ‘ইট ইজ ওপেন চ্যালেঞ্জ।’ সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন দুদকের উপপরিচালক যতন কুমার রায়।
সাংবাদিকদের নূরুল হুদা বলেন, ‘আমি কোনো দুর্নীতি করি না। আমার কোনো দুর্নীতির বিষয়ে দুদক আমাকে তলব করেনি।’ তবে কেন আপনাকে ডেকেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘একজন ভিআইপি সম্পর্কে তথ্য জানতে দুদক আমাকে তলব করেছে।’ ভিআইপি ব্যক্তিটি কে? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা দুদককে জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করছেন কেন?’
দুদক সূত্র জানায়, সাবেক গৃহায়ণ ও গণপূর্তসচিব ড. খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে রাজউক চেয়ারম্যানের বক্তব্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত, খোন্দকার শওকত হোসেন বর্তমানে প্রবাসীকল্যাণসচিব।