আবদুল মান্নান ভূঁইয়া ছিলেন সুস্থ ধারার রাজনীতির আদর্শের প্রতীক। তিনি তাঁর কর্মের জন্য সারা দেশের মানুষের মনে অবিনশ্বর প্রতীক হয়ে আছেন। মান্নান ভূঁইয়া আমৃত্যু দলমত-নির্বিশেষে জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলায় ধানুয়া কলেজ মাঠে এক সঞ্চরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ও শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এ কথা বলেন। আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে সঞ্চরণসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান, বিএনপির সাবেক হুইপ আশরাফ হোসেন, লেখক কাজী সিরাজ, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলাম মৃধা প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। এই দেশ চলছে লুটের মধ্য দিয়ে। যে যখন ক্ষমতায় যাচ্ছে, তখন তারাই লুটের রাজনীতি করছে। মান্নান ভূঁইয়া লুটের রাজনীতির পরিবর্তন চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন পরিবারতন্ত্র নয়; বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে।