মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাসপাতালের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন।হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার পর গত ২৪ ঘণ্টায় তাঁর অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। গুরুতর অসুস্থ মান্নান ভূঁইয়াকে ওই দিনই বিমানবন্দর থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় তাঁকে জীবন রক্ষাকারী যন্ত্র দিয়ে রাখা হয়েছে।এদিকে মান্নান ভূঁইয়াকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এ ছাড়া বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুপুরে মান্নান ভূঁইয়াকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। তাঁরা চিকিৎসকদের কাছ থেকে তাঁর সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।পরে সাংবাদিকদের খোন্দকার দেলোয়ার বলেন, ‘আমাদের দীর্ঘদিনের বন্ধু মান্নান ভূঁইয়াকে দেখতে এসেছি। বিএনপি মহাসচিব হিসেবে নয়, ব্যক্তি দেলোয়ার হিসেবে তাঁকে দেখতে এসেছি। আমি তাঁর আরোগ্য কামনা করছি।’ বিএনপি থেকে মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে কি না—জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এ ছাড়া ভাষাসৈনিক আবদুল মতিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বিএনপির নেতা আসাদুজ্জামান রিপন, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা মোস্তফা জামাল হায়দার প্রমুখ মান্নান ভূঁইয়াকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুরে যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।