মান্নান ভূঁইয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নরসিংদীর
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রদা গ্রামের বৃদ্ধ লায়েছ মিয়া শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করে ভোরে ঘুমাতে যান। বিছানায় পিঠ লাগাতেই তাঁর কানে আসে বর্ষীয়ান রাজনীতিক আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর খবর। মাইকে এই শোক সংবাদ পাওয়ার পর তাঁর ঘুম হয়নি। বিছানায় কিছুক্ষণ এপাশ-ওপাশ করে তিনি ঘর থেকে বের হয়ে সোজা মাছিমপুরে মান্নান ভূঁইয়ার পৈতৃক বাড়িতে যান। শিবপুরবাসী শোকাহত: প্রিয় নেতাকে স্মরণ করতে গিয়ে লায়েছ মিয়ার চোখ ভিজে ওঠে। কাঁপা কাঁপা গলায় তিনি প্রথম আলোকে বলেন ‘বলার কিছু নাই, এতিম হইয়া গেছি বাবা। আমগো অভিভাবক চইল্লা গেছে।’ শুধু লায়েছ মিয়া নন—বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার মৃত্যুতে নরসিংদীবাসী, বিশেষ করে শিবপুরবাসী শোকে স্তব্ধ। এলাকাবাসী জানান, মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাতে মারা গেলেও তাঁরা খবর পান গতকাল বুধবার সকালে। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। মান্নান ভূঁইয়ার বিদ্যালয়ের সহপাঠী মুসলেহ উদ্দিন মৃধা বলেন, মান্নান একটি দলের হয়ে রাজনীতি করলেও দলমত-নির্বিশেষে জেলার বহু মানুষ তাঁর ওপর নির্ভর করত। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন বলেন, ‘তাঁর (মান্নান) মৃত্যুতে সারা দেশেরই ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নরসিংদীর। এমন একজন নেতার আদর্শ অনুসরণ করেই আমাদের এগোতে হবে।’ নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, যত দিন দলে ছিলেন তত দিন অনেক কিছু দিয়েছেন এই নেতা। মান্নান ভূঁইয়ার অসুস্থ হওয়ার পর তাঁর পাশে অনেক সময় কাটিয়েছেন মান্নান ভূঁইয়া পরিষদের শিবপুর উপজেলা শাখার সদস্য সচিব চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। তিনি বলেন, মান্নান ভূঁইয়া যখন কথা বলতে পারতেন, তখন সবাইকে মিলেমিশে চলতে বলতেন। মান্নান ভূঁইয়ার চাচা আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, মান্নান ভূঁইয়ার ছয় মাস বয়সে তাঁর বাবা আবদুল হাই ভূঁইয়া মারা যান। মা মারা যান আট বছর বয়সে। চাচা আবদুর রশিদ ভূঁইয়ার তত্ত্বাবধানেই মান্নান ভূঁইয়া স্কুল-কলেজে লেখাপড়া করেছেন।মাছিমপুর গ্রামের মান্নান ভূঁইয়ার বাল্যবন্ধু সাফিউদ্দিন শেখ বলেন, মান্নান ভূঁইয়া যখন তৃতীয় শ্রেণীতে পড়ত তখন সে গ্রামে বন্ধুদের নিয়ে ‘১০ পয়সা সমিতি’ করে। এ সমিতির উদ্দেশ্য ছিল গ্রামের গরিব ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করা।মান্নান ভূঁইয়ার মৃত্যুতে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ভৈরবেও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ভৈরব উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে ভৈরবে মান্নান ভূঁইয়ার বীরত্বপূর্ণ অবদানের কারণে তাঁর সঙ্গে এই অঞ্চলের মানুষের গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই নেতার মৃত্যুর শোক ভুলতে ভৈরববাসীর সময় লাগবে। শেষ ইচ্ছা পূরণ হয়নি: মাছিমপুরে মান্নান ভূঁইয়ার নিজের কোনো বাড়ি ছিল না। চাচাদের বাড়ি থেকেই শিবপুরের রাজনীতি করতেন। একসময় তাঁর ইচ্ছা হয়, মাছিমপুরে বাড়ি তৈরির। এ লক্ষ্যে ২০০৭ সালে তিনি গ্রামে একখণ্ড জমি ক্রয় করেন। তাঁর বন্ধু সাফি উদ্দিন শেখ বলেন, সর্বশেষ সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন মান্নান ভূঁইয়া। পরাজয়ের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাই বাড়ি তৈরির কাজে তিনি হাত দেননি।