মান্নান ভূইয়া পরিষদের কাছে ধরাশায়ী দুই দলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার কাছে ধরাশায়ী হন আওয়ামী লীগের জহিরুল হক। নৌকা প্রতীকের পরাজয়ের পর আলোচনায় আসে মান্নান ভূইয়া পরিষদ নামে স্থানীয় একটি সংগঠন।
আওয়ামী লীগও বিশ্বাস করে, স্বতন্ত্র প্রার্থীর জয়ের নিয়ামক হিসেবে কাজ করেছিল ওই সংগঠনটি। সেই থেকে সংগঠনটি আওয়ামী লীগের বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মাঝে মাত্র ৫২ দিনের বিরতি। এবার সংগঠনটির সদস্যসচিব আরিফ উল ইসলাম মৃধা শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ জয়লাভ করেন। এখন কষ্টের আগুনে পুড়ছে বিএনপিও। কারণ, আরিফ উল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত তোফাজ্জল হোসেন। তিনি ৩০ হাজার ২১৩ ভোট পান। জয়ী প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান হয় নয় হাজার ৩০০। ২৭ হাজার ৯৬৭ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ খানের অবস্থান হয় তৃতীয়।
দ্বিতীয় ধাপে গত বৃহস্পতিবার শিবপুর উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও প্রথমবারের মতো সাংগঠনিকভাবে প্রার্থী ঘোষণা করে মান্নান ভূইয়া পরিষদ। সংগঠনটির আহ্বায়ক আবদুল হারিছ রিকাবদার সভা ডেকে আরিফের পক্ষে কাজ করার জন্য সংগঠনের সবাইকে অনুরোধ জানান। পরে অবশ্য তিনি নিজেও চেয়ারম্যান প্রার্থী হন। ভোটে তাঁর অবস্থান হয় চতুর্থ।
সংস্কারপন্থীর অপবাদে দল থেকে বহিষ্কৃত হওয়া বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আ. মান্নান ভূইয়ার জন্ম নরসিংদীর শিবপুরে। মৃত্যুর পর জন্মভূমিতে তাঁর রাজনৈতিক আদর্শ বাঁচিয়ে রাখার ভাবনা থেকে অনুগতরা আ. মান্নান ভূইয়া পরিষদ প্রতিষ্ঠা করেন।
ভোটের পরদিন গত শুক্রবার সকালে শিবপুরে গিয়ে দেখা যায়, অনেক মানুষ উপজেলা নির্বাচনে জয়-পরাজয় নিয়ে আলোচনা করছে। বিশেষ করে, মান্নান ভূইয়া পরিষদের এক নেতার কাছে বড় দুই দলের প্রার্থীদের ধরাশায়ীর বিষয়টি ছিল মূল আলোচ্য। থানা সড়কের সামনে কথা হয় চক্রদা গ্রামের হাসান আলীর (৩০) সঙ্গে। হাসান পেশায় গৃহশিক্ষক। তিনি বলেন, ‘আমাদের সমাজব্যবস্থায় মান্নান ভূইয়া পরিষদ একটি অবস্থান করে নিয়েছে। আরিফ ভাইকে ভোটাররা মান্নান ভূইয়া পরিষদের প্রার্থী হিসেবে গ্রহণ করেন এবং ভোট দেন।’ শহীদ আসাদ সরকারি কলেজ এলাকার ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) বলেন, ‘আরিফকে ভোট দিয়ে এলাকাবাসী মান্নান ভূইয়াকে সঞ্চরণ করেছে। বলতে পারেন, এই ভোট ছিল নেতার প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া বলেন, আরিফের জয়ের অনেক কারণ আছে। তবে মান্নান ভূইয়া পরিষদের সক্রিয় কর্তাব্যক্তি হিসেবে আরিফ ওই নেতার সহানুভূতির জায়গা দখল করতে পেরেছিলেন। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, আরিফ দীর্ঘদিন ধরে নেতার (মান্নান ভূইয়া) সংগঠনটি পরিচালনা করছে। এ কারণে নেতার অনুগতরা তাঁর পক্ষে ছিল।