মান্নান হত্যাকাণ্ডে দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারীতে ওয়ার্ড যুবলীগের নেতা আবদুল মান্নান (৩২) হত্যার ঘটনায় আটক শাহজালাল ও রনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার ওয়ারী থানার পুলিশ তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিন করে রিমান্ডে নিয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা ওই দুজনকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল বলেন, যুবলীগের নেতা মান্নান হত্যাকাণ্ডের বিষয়ে এই দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তাঁরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। গত বুধবার তাঁদের আটক করা হয়েছিল।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, সন্দেহভাজন হিসেবে মামলায় তাঁদের নাম ছিল। নিহত মান্নান মিটফোর্ড রোডে ওষুধ ব্যবসার পাশাপাশি ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার রাতে হাটখোলায় বাসার কাছে মান্নানের মাথার পেছনে ও বুকে গুলি করে তিন-চারজন সন্ত্রাসী পালিয়ে যায়। পরদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মান্নানের সঙ্গে থাকা আল আমিন পলাতক।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম বলেন, শাহজালাল, রনি ও পলাতক আল আমিন একসঙ্গে চলাফেরা করতেন। মান্নান ইয়াবা ব্যবসায় জড়িত ছিলেন। ইয়াবা বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সঙ্গীদের সঙ্গে মান্নানের বিরোধ ছিল। এ ছাড়া মান্নান কামরাঙ্গীরচরে একটি বাড়ির নির্মাণকাজে হাত দিয়েছিলেন। এ নিয়েও সঙ্গীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এসব কারণে হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে।
তবে মান্নানের স্ত্রী নুসরাত জাহান বলেন, তাঁর ধারণা, যুবলীগের কোন্দলের কারণে তাঁর স্বামী খুন হয়েছেন।