মান্নানের জামিন আপিলে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে নাশকতার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
মান্নানের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, তা গতকাল রোববার খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। মান্নানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে গত ৫ ফেব্রুয়ারি গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা করে পুলিশ। ১১ ফেব্রুয়ারি মান্নানকে আটক করে পুলিশ। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২১ জুলাই এই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
পাঁচ মামলায় আমানের জামিন: নাশকতার অভিযোগে করা পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালতে আমানের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফজলুর রহমান।
সগীর হোসেন প্রথম আলোকে বলেন, নাশকতার অভিযোগে নগরীর মতিঝিল, পল্টন, মোহাম্মদপুর ও মুগদা থানায় করা এই পাঁচটি মামলায় আমানকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে দুটি মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত এবং তিনটি মামলায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।